মন্দারমণিতে পর্যটক পরিবারকে মারধর, পার্কিং নিয়ে ধুন্ধুমার কাণ্ড!
বার্তা ডেস্কঃ
ছুটিতে মন্দারমণিতে বেড়াতে গিয়ে চরম অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ল বজবজের একটি পর্যটক পরিবার। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হোটেল কর্মীদের সঙ্গে বচসার জেরে রণক্ষেত্রের রূপ নিল রিসোর্ট চত্বর। অভিযোগ, রিসর্টের ম্যানেজার, নিরাপত্তাকর্মী ও অন্যান্য কর্মীরা একজোট হয়ে পর্যটক পরিবারের ওপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। টানাটানি ও হেনস্থার হাত থেকে বাদ যাননি পরিবারের বৃদ্ধ সদস্য, মহিলা ও শিশুরা।
কী ঘটেছিল? শনিবার দুপুরে বজবজের বাসিন্দা মহম্মদ আসিফ তাঁর পরিবারকে নিয়ে মন্দারমণিতে বেড়াতে যান। সেখানে একটি রিসর্টের সামনে গাড়ি পার্ক করে তিনি হোটেলের ঘর দেখার জন্য এগোচ্ছিলেন। ঠিক সেই সময় গাড়ি পার্কিং করা নিয়ে রিসর্টের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।
মুহূর্তের মধ্যে সেই বচসা হাতাহাতিতে রূপ নেয়। আসিফের অভিযোগ, কথা কাটাকাটির একপর্যায়ে রিসর্টের ম্যানেজার, নিরাপত্তারক্ষী ও কর্মীরা একযোগে তাঁদের ওপর চড়াও হন। পরিবারের সঙ্গে থাকা বয়স্ক মানুষ, মহিলা ও শিশুদের সঙ্গেও ধস্তাধস্তি ও টানাটানি করা হয়। আনন্দের ভ্রমণ মুহূর্তে পরিণত হয় এক আতঙ্কময় অভিজ্ঞতায়।
পুলিশের পদক্ষেপ ঘটনার খবর পাওয়া মাত্রই মন্দারমণি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার পর কোনও পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।