৫০০ কোটির বাজিমাত, বাংলার পর্যটনে আসছে নতুন যুগ!
বার্তা ডেস্কঃ
বাংলার পর্যটন শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যেতে এবং এর হারানো গৌরব ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য পর্যটন দপ্তর। সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পর্যটন দপ্তরের নতুন লোগো উন্মোচন করে ‘এগেন ডেস্টিনেশন বেঙ্গল’-এর ডাক দেওয়া হয়। রাজ্যজুড়ে পর্যটন পরিকাঠামো ঢেলে সাজাতে প্রায় ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।
অনুষ্ঠানে তুলে ধরা হয় যে, উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং কিংবা কালিম্পং পেরিয়ে পর্যটকদের একটা বড় অংশ এখন সিকিমের গ্যাংটকের দিকে ঝুঁকে পড়ছেন। একসময়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে বাংলার পর্যটনকেন্দ্রগুলিই ছিল মূল আকর্ষণ। সেই গৌরব ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। মধ্যবিত্ত বাঙালিদের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি ট্যুরিস্ট লজ ও ছোট কুটিরগুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পর্যটন দপ্তরের উন্মোচিত নতুন লোগোটি তৈরি করেছেন জনপ্রিয় ডিজাইনার বিক্রম দত্ত (যিনি ‘আউলম্যান’ নামে পরিচিত)। রাজ্যের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে দপ্তরের কর্মী ও আধিকারিকরা বছরের বিশেষ ১২টি দিনে ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরে অফিস করবেন। এছাড়াও, পর্যটকদের আকর্ষণ বাড়াতে আগামী ২ অক্টোবর (গান্ধী জয়ন্তী) থেকে বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।