নেপালে ফের ভয়াবহ বিপর্যয়, প্লাবনের আশঙ্কায় কাঁপছে এলাকা!
বার্তা ডেস্কঃ
কাঠমান্ডু: হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই ফের নতুন করে দুর্যোগের মেঘ নেপালের আকাশে। এবার পাহাড়ি ধসে নদীপথ অবরুদ্ধ হয়ে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার আশঙ্কা। ধারচুলা জেলায় ধস নেমে চৌলানি (চামেলিয়া) নদীর গতিপথ আংশিকভাবে আটকে যাওয়ায় নিম্নাঞ্চলে বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে স্থানীয় প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, ‘আপি হিমল’ গ্রামীণ পুরসভার অন্তর্গত ভাট্টার এলাকায় পাহাড় ভেঙে পড়ে নদীর ওপর। বিশাল ধ্বংসাবশেষ জমা হওয়ায় নদীর গতিপথ অনেকটাই রুদ্ধ হয়ে গেছে। ভূতত্ত্ববিদ ও প্রশাসনের আশঙ্কা, ওই একই জায়গায় আবার ধস নামলে বালি ও পাথরে নদীটি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। তার জেরে তৈরি হতে পারে বিপজ্জনক কৃত্রিম হ্রদ, যা যেকোনো মুহূর্তে ফেটে গিয়ে প্লাবিত করতে পারে বিস্তীর্ণ এলাকা। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই নদীর তীরবর্তী অধিবাসীদের সতর্ক করা হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
এদিকে, নেপালের সশস্ত্র পুলিশ বাহিনী জানিয়েছে যে আপাতত নদীর জলপ্রবাহ স্বাভাবিকের কাছাকাছিই রয়েছে। তবে এই ঘটনায় সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন বালাঞ্চের ‘চামেলিয়া জলবিদ্যুৎ কেন্দ্র’-এর আধিকারিক ও কর্মীরা। আপি হিমল থেকে উৎপন্ন হয়ে এই নদীটি নেপাল ও ভারতের সীমান্ত ঘেরা মহাকালী নদীতে গিয়ে মিশেছে। নদীর ওপর গড়ে ওঠা একাধিক জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরা এখন যেকোনো বড় আকারের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় প্রহর গুনছেন।