অটোচালকের ছেলের অসাধ্য সাধন! ৯০% শারীরিক প্রতিবন্ধকতা জয় করে আইআইটি মাদরাসে সন্তোষ
বার্তা ডেস্কঃ
শারীরিক ৯০ শতাংশ অক্ষমতা আর পরিবারের তীব্র আর্থিক অনটন—কোনোটাই থামাতে পারেনি ১৭ বছরের জে সন্তোষের অদম্য ইচ্ছাশক্তিকে। সমস্ত প্রতিকূলতা চুরমার করে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজে (IIT Madras) ৪ বছরের ‘বিএস ডেটা সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস’ কোর্সে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। বাবা সামান্য অটোচালক, কিন্তু ছেলের স্বপ্ন আর জেদের কাছে হার মেনেছে সব কঠিন পরিস্থিতি।
জন্ম থেকেই সেরিব্রাল পালসি ও স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফিতে আক্রান্ত সন্তোষের প্রথমবার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায় সাফল্য আসেনি। কিন্তু তিনি হাল ছাড়েননি; দ্বিতীয় বারের চেষ্টায় কঠোর পরিশ্রমে অসাধ্য সাধন করেছেন। সন্তোষের এই লড়াইয়ে মূল দিশারী হিসেবে পাশে দাঁড়ায় ‘তামিলনাড়ু ভলান্টিয়ার্স’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থাটির সহায়তা এবং আইআইটি মাদ্রাজের সামাজিক উদ্যোগ ও প্রচার বিভাগের প্রধান হরি কৃষ্ণানের বিশেষ উদ্যোগে দূরশিক্ষার মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া থেকে শুরু করে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন সন্তোষ।
নিজের শ্রেণি থেকে এই মর্যাদাপূর্ণ বিএস কর্মসূচিতে সুযোগ পাওয়া একমাত্র ছাত্র সন্তোষ। আইআইটি মাদ্রাজের ‘IIT-M for All’ উদ্যোগের আওতায় তাঁকে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রশিক্ষণসহ বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা প্রদান করা হবে। এছাড়া তাঁর প্রথম বছরের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করছে তামিলনাড়ু ভলান্টিয়ার্স। শারীরিক সীমাবদ্ধতা ও আর্থিক টানাপোড়েনকে জয় করে অটোচালকের ছেলের আইআইটি মাদ্রাজে পৌঁছানোর এই গল্প এখন ইন্টারনেট দুনিয়ায় অগণিত মানুষের কাছে এক অনবদ্য অনুপ্রেরণার নাম।