ধ্বংসস্তূপ পেরিয়ে শান্তির বার্তা! পুতিনের ৩ দিনের যুদ্ধবিরতি ও ট্রাম্পের দূতের মস্কো সফর
বার্তা ডেস্কঃ
রাশিয়া ও ইউক্রেনের দীর্ঘদিনের সংঘাত থামাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে আমেরিকা। সেই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার শনিবার মস্কো পৌঁছেছেন। এই উচ্চপর্যায়ের সফরের পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী তিন দিন ইউক্রেনে কোনো হামলা না চালানোর কথা ঘোষণা করেছেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও মার্কিন দূতদের সফর চলাকালীন কিয়েভের তরফ থেকেও কোনো বিমান হামলা চালানো হবে না বলে জানান। পাকাপাকিভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে মস্কো গিয়েছেন প্রতিনিধিরা।
রুশ আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে মার্কিন দূতদের আগামী রোববার কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। দীর্ঘ চার বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে আন্তর্জাতিক মহলের যুদ্ধ থামানোর আর্জি বারবার উপেক্ষিত হলেও বর্তমান পরিস্থিতি নতুন আশার সঞ্চার করেছে। তবে এর আগে শুক্রবারও ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এবং ইউক্রেনও পাল্টা ড্রোন হামলা চালিয়েছে। পুতিনের এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা এবং দুই পক্ষের চলমান আলোচনার মধ্য দিয়ে শান্তি ফেরানোর পথ কতটা সুগম হয়, এখন সেটাই দেখার বিষয়।