ক্যামাক স্ট্রিটের অফিসে স্বস্তি, বড় জয় অভিষেকের!
বার্তা ডেস্কঃ
ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নির্দেশের ওপর আলিপুর আদালত স্থগিতাদেশ দেওয়ায় বড় আইনি স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত ৯ ক্যামাক স্ট্রিটের বহুতলটির অফিস খালি করতে হচ্ছে না তাঁকে।
সম্প্রতি কলকাতার ৯ ক্যামাক স্ট্রিটের বহুতলটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় মারাত্মক খামতি রয়েছে—এই অভিযোগ তুলে ভবনের বেসমেন্টসহ ষষ্ঠ ও সপ্তম তলা খালি করার নোটিস দিয়েছিল দমকল বিভাগ। গত ১০ আগস্ট ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হলেও তা পুনর্নবীকরণ করা হয়নি বলে দমকল সূত্রে জানানো হয়। এর পাশাপাশি, ভবনের কয়েকটি অংশকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছিল। তবে কর্তৃপক্ষের দেওয়া জবাবে সন্তুষ্ট না হয়ে পুরো তিনটি তলা বন্ধের নির্দেশ দেয় দমকল।
দমকলের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানিতে আদালত দমকলের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে এবং সংশিষ্ট সমস্ত পক্ষকে নোটিস পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
উল্লেখ্য, গত সপ্তাহে ক্যামাক স্ট্রিটের এই ভবনের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তার কিছুদিন পরেই দমকলের প্রতিনিধি দল পরিদর্শনে গিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় নানা অসঙ্গতি খুঁজে পায়। তবে নিম্ন আদালতের এই নির্দেশের পর তৃণমূল সাংসদ ও তাঁর কার্যালয়ের বড়সড় আইনি স্বস্তি মিলল।