দিল্লিতে ভেঙে পড়ল পিজি বহুতল, ধ্বংসস্তূপে আটকে বহু পড়ুয়া!

বার্তা ডেস্কঃ

প্রবল বৃষ্টির মধ্যে দিল্লির সত্য নিকেতন এলাকায় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। দক্ষিণ দিল্লির মোতিবাগের কাছে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল ভবন। ধসে পড়া বাড়িটিতে একটি পেয়িং গেস্ট (PG) চলত, যেখানে বিভিন্ন অঞ্চল থেকে আসা বহু শিক্ষার্থী বসবাস করতেন। ফলে ধ্বংসস্তূপের নিচে একাধিক পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

রবিবার দুপুর ১টা ৩৩ মিনিট নাগাদ দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধারকাজে নামানো হয়েছে দমকলের ১২টি গাড়ি, এনডিআরএফ (NDRF) এবং পুরসভার (MCD) বিশেষ দল। ধ্বংসস্তূপ সরাতে স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকারীদের সঙ্গে হাত লাগিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের মধ্য থেকে ইতিমধ্যেই ৩-৪ জনকে জীবিত উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ভবনের নিচে ঠিক কতজন আটকে রয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসনের দাবি, ধ্বংসস্তূপের ভেতর আটকে থাকা মানুষদের মোবাইল ফোন থেকে কল আসছে, যা দেখে উদ্ধারকাজ আরো দ্রুত গতিতে চালানো হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শনে এসে আরকে পুরমের বিধায়ক অনিল শর্মা জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। ওই ভবনে ঠিক কতজন শিক্ষার্থী অবস্থান করছিলেন তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তবে আটকে পড়া সবাইকে দ্রুত ও নিরাপদে বের করে আনাই এখন উদ্ধারকারী দলের প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *