ব্যর্থতা মেনে নিন, কিন্তু অসততাকে নয়!

বার্তা ডেস্কঃ

ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকরের সাফল্যের চূড়ায় ওঠার পেছনে বহু বিখ্যাত কোচের অবদান থাকলেও, তাঁর জীবনের প্রথম ও সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন বাবা প্রয়াত রমেশ তেন্ডুলকর। শিক্ষক দিবসের বিশেষ দিনে সেই বাবার স্মৃতিতে এক আবেগঘন বার্তার পাশাপাশি তরুণ প্রজন্মের স্বপ্নপূরণে এক বড় ঘোষণা করলেন এই ক্রিকেট কিংবদন্তি।

শচীন জানান, তাঁর ক্রিকেটের পাঠ কোনো নামী ট্রেনিং ক্যাম্প থেকে নয়, শুরু হয়েছিল নিজের ঘরের টেবিল থেকেই। ছোটবেলাতেই তাঁর ক্রিকেটের প্রতি টান বুঝতে পেরেছিলেন পেশায় লেখক, কবি ও অধ্যাপক রমেশ তেন্ডুলকর। তবে নিজের কোনো ইচ্ছা তিনি ছেলের ওপর চাপিয়ে দেননি; বরং ভালোবেসে শচীনকে নিজের পছন্দের পথে এগিয়ে যাওয়ার পূর্ণ স্বাধীনতা ও আত্মবিশ্বাস জুগিয়েছিলেন।

বাবার শেখানো মূল দর্শনের কথা স্মরণ করে শচীন বলেন, “ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু অসততা নয়। আর সাফল্যের জন্য শর্টকাট পথ বেছে নেওয়া একেবারেই অনুচিত।” শচীনের মতে, একজন প্রকৃত শিক্ষক তিনিই, যিনি শিষ্যের ভেতরে লুকিয়ে থাকা সেই সম্ভাবনাকে চিনে নেন, যা শিষ্য নিজেও দেখতে পায় না।

বাবার এই মহান আদর্শ ও স্মৃতিকে অমলিন রাখতেই শিক্ষক দিবসের শুভ তিথিতে ‘প্রফেসর রমেশ তেন্ডুলকর মেমোরিয়াল ফেলোশিপ’ চালুর ঘোষণা দেন শচীন। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে আগামী দিনে বহু তরুণ প্রতিভাকে নিজেদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *