ভাতা বেড়ে ১৫০০ টাকা, আজ থেকেই ৬২ লক্ষ অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু নবান্নের!
বার্তা ডেস্কঃ
September 7, 202611:33 am
রাজ্যের বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা ভোগীদের জন্য বড় সুখবর। পূর্ব ঘোষণা অনুযায়ী এবার থেকে বর্ধিত হারে সামাজিক সুরক্ষা ভাতা দিতে চলেছে রাজ্য সরকার। আজ থেকে রাজ্যের প্রায় ৬২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৫০০ টাকা করে পাঠানো শুরু হচ্ছে। নবান্ন সভাঘর থেকে এই অর্থ প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
টাকা মিলবে কবের মধ্যে? নবান্ন সূত্রে জানানো হয়েছে, কর্মসূচির সূচনার পর ১ থেকে ২ দিনের মধ্যেই সমস্ত সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়া হবে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে সরাসরি টাকা পাঠানো হচ্ছে, ফলে উপভোক্তাদের কোনো অতিরিক্ত জটিলতার মুখে পড়তে হবে না। মোট সুবিধাভোগীর মধ্যে প্রায় ২০ লক্ষ মানুষ কেন্দ্রীয় সরকারের সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় এবং বাকি ৪০ লক্ষ মানুষ রাজ্য সরকারের অর্থানুকূল্যে এই ভাতা পাবেন। এছাড়া সম্প্রতি ‘জনকল্যাণ শিবির’-এ আবেদন করা প্রায় সাড়ে সাত লক্ষ নতুন উপভোক্তাও এবার থেকে এই ভাতা পাবেন।
কত টাকা বাড়ল? পূর্বে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা হিসেবে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হতো। বর্তমান সরকার সেই টাকার পরিমাণ ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করল। আগামী দিনে এই ভাতার পরিমাণ বাড়িয়ে ২০০০ টাকা করা হবে বলেও জানানো হয়েছে।
আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় শর্তাবলী:
- বয়সসীমা: সাধারণ বার্ধক্য ও বিধবা ভাতার ক্ষেত্রে আবেদনকারীর নূন্যতম বয়স ৬০ বছর হতে হবে। বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গ) ব্যক্তিদের ক্ষেত্রে আবেদন করার বয়সসীমা ৫৫ বছর।
- বাসস্থান: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অন্তত টানা ১০ বছর রাজ্যে বসবাস করার রেকর্ড থাকতে হবে।
- প্রয়োজনীয় নথি: এই প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাঙ্কের পাসবইয়ের ফটোকপি জমা দিতে হবে।
নতুনরা কীভাবে আবেদন করবেন? যাঁরা প্রথম দফায় ‘জনকল্যাণ শিবির’-এ আবেদন করতে পারেননি, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতে যে নতুন ‘জনকল্যাণ শিবির’ অনুষ্ঠিত হবে, সেখান থেকেই নতুন আবেদনের ফর্ম পাওয়া যাবে এবং তা ফিলআপ করে জমা দেওয়া যাবে।