দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, সরকারি সাহায্য ‘ঐচ্ছিক’ ঘোষণা রাজ্যের!
বার্তা ডেস্কঃ
রাজ্যে দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে চলা নানা জল্পনার অবসান ঘটল। চলতি বছর থেকে পুজো কমিটিগুলোর জন্য সরকারি অনুদান বাধ্যতামূলক নয়, বরং সম্পূর্ণ ‘ঐচ্ছিক’ করা হয়েছে।
যে সব পুজো কমিটি সরকারি আর্থিক সহায়তা নিতে আগ্রহী, তাদের নির্ধারিত আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ১ লক্ষ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। অন্যদিকে, যারা এই সাহায্য নিতে ইচ্ছুক নন, তাদের প্রশাসনিক বা থানায় কোনো আবেদন করার প্রয়োজন নেই। অনুদান গ্রহণ বা প্রত্যাখ্যানের সঙ্গে কোনো রাজনৈতিক পরিচয় বা বিরোধিতাকে যুক্ত করা হবে না বলে নিশ্চিত করা হয়েছে।
পুজো কমিটিগুলোর জন্য বিশেষ সুবিধা:
- বিনামূল্যে বিদ্যুৎ: পুজোর দিনগুলোতে প্যান্ডেলের বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।
- লাইসেন্স ফি মকুব: ফায়ার ব্রিগেডের প্রয়োজনীয় লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক হলেও তার জন্য কোনো ফি দিতে হবে না।
সরকারি কর্মীদের জন্য বিশেষ ছুটি: উৎসবের মরশুমে পরিবার ছেড়ে সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিষেবা সুনিশ্চিত করা কর্মীদের কাজের স্বীকৃতি হিসেবে বিশেষ ছুটির ব্যবস্থা করা হয়েছে। পুজোর দায়িত্ব শেষ হওয়ার পর পুলিশ, ফায়ার ব্রিগেড, স্বাস্থ্য, পরিবহন, পুরসভা-কর্পোরেশন, সিভিল ডিফেন্স ও কর্মবন্ধুরা ২ দিনের অতিরিক্ত সবেতন ছুটি পাবেন। মুখ্যসচিবকে এই ছুটির বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।