মোদির ২৫ বছরের প্রশাসনিক যাত্রা, বাংলায় শুরু বিজেপির মেগা সেবা সংকল্প অভিযান!
বার্তা ডেস্কঃ
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন নরেন্দ্র মোদি। এরপর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী মিলিয়ে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে দেখতে দেখতে টানা ২৫ বছর পূর্ণ করতে চলেছেন তিনি। এই ঐতিহাসিক প্রশাসনিক রজতজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে রাজ্যজুড়ে মেগা কর্মসূচির ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। সোমবার এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এই অভিযানের বিস্তারিত রূপরেখা প্রকাশ করেন।
আগামী ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিন থেকে শুরু করে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী চলবে ‘প্রধানমন্ত্রী সেবা সংকল্প অভিযান’। এই অভিযানের মূল লক্ষ্য—মোদি সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলোর তথ্য বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া। একই সঙ্গে, গত ১২ বছরে রাজ্য সরকারের কারণে বঙ্গবাসী কেন্দ্রের কোন কোন গুরুত্বপূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তা-ও স্পষ্ট করে তুলে ধরা হবে। এই কর্মসূচি সফল করতে ৯ ও ১০ সেপ্টেম্বরের মধ্যে জেলা নেতৃত্বকে চূড়ান্ত পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজ্যের প্রতিটি বুথে অন্তত ২৫টি করে প্রদীপ জ্বালানো হবে। মোদির ২৫ বছরের রাজনৈতিক সফর তুলে ধরতে ‘নমো সেবা গাথা’ নামে একটি বিশেষ তথ্যচিত্র ও থিম সং প্রকাশ করবে দল। শুধু রাজনৈতিক প্রচারেই থেমে না থেকে, এলাকা পরিচ্ছন্ন রাখা, জল সংরক্ষণ, নদী ও জলাশয় সংস্কার এবং প্রান্তিক মানুষের সহায়তায় ‘সেবা জ্যোতি যাত্রা’ ও ‘সেবায় আমার অবদান’-এর মতো নানাবিধ সামাজিক কর্মসূচি পরিচালনা করবে বিজেপি।