দিল্লিতে পিজি ধসে ৭ মৃত্যু, অবশেষে জালে পলাতক মালিক!
বার্তা ডেস্কঃ
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকার মর্মান্তিক পিজি (PG) ধসের ঘটনায় মূল অভিযুক্ত ভবনমালিক হরিরাম বনসলকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারের এই ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষার্থী ও শ্রমিকসহ মোট সাতজনের প্রাণহানি ঘটে এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার পর থেকে গা-ঢাকা দেওয়া বনসলকে সোমবার রাজস্থানের ভিওয়াড়ি থেকে পাকড়াও করে দিল্লি পুলিশের বিশেষ দল।
তদন্তে জানা গেছে, প্রায় চার থেকে পাঁচ দশকের পুরনো এই জরাজীর্ণ ভবনটি পুরসভার কোনো অনুমোদন বা বাণিজ্যিক ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে চালানো হচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকটের সুযোগ নিয়ে চরম নিরাপত্তাহীন পরিবেশেই ‘হোস্টেল ডেজ’ নামের এই পুরুষ পিজিতে প্রায় ৩০টি ঘরে গাদাগাদি করে আবাসিকদের রাখা হতো। নির্মাণকাজ আসাম্পূর্ণ থাকা সত্ত্বেও গত আগস্ট মাসে এটি চালু করা হয়। এমনকি দুর্ঘটনার দিন দুপুরেও বেসমেন্টে চরম ঝুঁকি নিয়ে বেআইনি নির্মাণ কাজ চালানো হচ্ছিল, যা এই বিপর্যয়কে ডেকে আনে।
এই মর্মান্তিক ঘটনাটি ইতোমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যেখানে নিহতদের পরিবারকে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ প্রদান এবং সমগ্র ঘটনার একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের জোরালো দাবি জানানো হয়েছে।