গ্যাস বুকিংয়ে দারুণ সুখবর, এখন থেকে যে কোনো সময় বুক করুন সিলিন্ডার!
বার্তা ডেস্কঃ
দেশের গৃহস্থালি গ্রাহকদের জন্য রান্নার গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড় ধরনের শিথিলতা এনেছে কেন্দ্র। এখন থেকে শহর কিংবা গ্রাম—উভয় অঞ্চলের সাধারণ গ্রাহকরা মাত্র ২৫ দিন অন্তর নতুন সিলিন্ডার বুক করার সুযোগ পাবেন।
সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাকে অবিলম্বে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিয়মে কী বদল এলো?
- এতদিন গ্রামীণ এলাকার গ্রাহকদের জন্য একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী বুকিংয়ের ক্ষেত্রে ৪৫ দিনের বাধ্যতামূলক ব্যবধান রাখতে হতো।
- নতুন বিজ্ঞপ্তিতে শহর ও গ্রামের মধ্যকার পার্থক্য মুছে ফেলা হয়েছে। এখন থেকে দেশের যেকোনো গৃহস্থালি গ্রাহক ২৫ দিন পার হলেই আবার নতুন সিলিন্ডার বুক করতে পারবেন।
সিদ্ধান্তের মূল কারণ: পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানা গেছে, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির কারণে ইতিপূর্বে দেশের বাজারে গ্যাসের সরবরাহে সাময়িক ঘাটতি দেখা দিয়েছিল। সেই সংকট সামাল দিতেই ৪৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। তবে বর্তমানে যোগান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং অপেক্ষমান গ্রাহকের সংখ্যাও অনেক কমে এসেছে।
উৎসবের মরসুমের ঠিক আগেই গ্যাসের নিয়মে এই ছাড় মেলায় আমজনতার ভোগান্তি কমবে বলে মনে করা হচ্ছে।