লক্ষ টাকার অনুদান নয়, মমতাকে নিশানা শুভেন্দুর!

বার্তা ডেস্কঃ

রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সোমবার মিলনমেলা প্রাঙ্গণে পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠক থেকেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে আর্থিক দিক থেকে স্বাবলম্বী ও বড় পুজো ক্লাবগুলিকে স্বেচ্ছায় এই অনুদান গ্রহণ না করার জন্য অনুরোধ জানান তিনি।

এই অনুদান সংক্রান্ত ঘোষণার মাঝেই বিগত তৃণমূল সরকারের নীতি নিয়ে নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তিনি জানান, অতীতে সরকারি অনুদান না নিলে বা সাহায্য ফিরিয়ে দিলে ক্লাবগুলিকে যেভাবে রাজনৈতিকভাবে কোণঠাসা ও ‘বিরোধী’ হিসেবে দাগিয়ে দেওয়া হতো, সেই সংস্কৃতি বর্তমান সরকার পুরোপুরি বন্ধ করছে। কোনো ক্লাব যদি এবার অনুদান না নেয়, তবে তাদের কোনোভাবেই সরকারের শত্রু বলে গণ্য করা হবে না।

উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাতেই দুর্গাপুজো কমিটিগুলিকে প্রথম অনুদান দেওয়া শুরু হয়েছিল, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ১০ হাজার টাকায়। নতুন সরকারের এই নতুন অবস্থান ও অনুদান নীতি নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *