ভাতার নতুন তালিকা ঘোষণা, দেড় হাজার টাকা বাড়ালেন শুভেন্দু!

বার্তা ডেস্কঃ

কলকাতা: রাজ্যবাসীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন থেকে বর্ধিত হারে সামাজিক নিরাপত্তা ভাতা দেওয়ার সূচনা করে তিনি স্পষ্ট জানান, বিগত সরকারের আমলে তৈরি ভাতার সমস্ত ‘ওয়েটিং লিস্ট’ বাতিল করা হচ্ছে। একই সঙ্গে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা প্রতি মাসে এক হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়েছে। অগস্ট মাসের এই বর্ধিত অর্থ ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে।

নতুন আবেদন ও পঞ্চায়েত স্তরে শিবির মুখ্যমন্ত্রী জানান, পুরনো তালিকা বাতিল হলেও যোগ্যপ্রাপকদের চিন্তার কিছু নেই। ‘জনকল্যাণ শিবির’ এবং ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচিতে যাঁরা আবেদন করেছেন, দ্রুত নথি যাচাই করে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া, গ্রাম পঞ্চায়েত ও ওয়ার্ড স্তরে ২ দিনের বিশেষ ‘জনকল্যাণ শিবির’ করা হবে। অতীতে রাজনৈতিক বা অন্য কোনো কারণে যাঁরা বঞ্চনার শিকার হয়েছেন, তাঁরা এই শিবিরে নতুন করে আবেদন করতে পারবেন।

বিশেষ পরামর্শ ও জালিয়াতি রোধ ২৫ থেকে ৬০ বছর বয়সী বিধবা ভাতা প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, তাঁরা যেন বিধবা ভাতা ফিরিয়ে দিয়ে ‘অন্নপূর্ণা ভাতা’র জন্য আবেদন করেন। এতে আর্থিক সহযোগিতার পরিমাণ অনেকটাই বাড়বে।

ভাতা বন্টনে স্বচ্ছতা আনার বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী জানান, ভুয়ো জন্ম শংসাপত্র বা জালিয়াতি করে সরকারি অর্থ হাতানোর দিন শেষ। চন্দ্রকোণায় এক পুরুষের নামে বিধবা ভাতা নেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, যোগ্য ব্যক্তিরাই কেবল এই সুবিধা পাবেন। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও কৃষির সার্বিক উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *