চাকরির প্রলোভনে ধর্ষণ ও ব্ল্যাকমেল, তরুণীর অভিযোগে গ্রেফতার ‘ব্যবসায়ী’!
বার্তা ডেস্কঃ
মোটা অঙ্কের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি এবং বিয়ে করার জন্য মানসিক চাপ সৃষ্টি করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পুলিশ অভিযুক্ত শেখ রোশন আলিকে তাঁর বীরভূমের বাড়ি থেকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রের খবর, ধৃত শেখ রোশন আলি বীরভূমের লাভপুরের বাসিন্দা হলেও কাজের সূত্রে কলকাতায় থাকতেন। প্রায় তিন বছর আগে হুগলির ব্যান্ডেল স্টেশনে আউশগ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। নিজেকে কলকাতার বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে তরুণীকে মোটা বেতনের কাজের প্রস্তাব দেন রোশন। সেই প্রস্তাবে রাজি হয়ে তরুণী তাঁর সঙ্গে যোগাযোগ বজায় রাখেন।
অভিযোগ, পরবর্তীতে তরুণীকে কলকাতার বড়বাজারে ডেকে বেশ কিছু কাগজে সই করানো হয় এবং একাধিক ব্যবসাকেন্দ্রে নিয়ে গিয়ে তাঁর বিশ্বাস অর্জন করা হয়। এরপর এক ধনকুবেরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অজুহাতে তরুণীকে বোলপুরের একটি লজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি করার কথা বললে অভিযুক্ত প্রথমে ক্ষমা চেয়ে নেন, কিন্তু কিছুদিন পর থেকেই তরুণীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন।
তরুণীর দাবি, তাঁর কিছু আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্ত তাঁকে দেখা করতে বাধ্য করত। একপর্যায়ে তরুণীকে বিয়ে করার জন্য চরম চাপ সৃষ্টি করা হতে থাকে। এতে রাজি না হওয়ায় পুনরায় ব্ল্যাকমেলের শিকার হয়ে বাধ্য হয়ে আউশগ্রাম থানার দ্বারস্থ হন ওই তরুণী।
অভিযোগ পেয়ে সোমবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবারই তাঁকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।