শ্রীরামপুরে মমতার মিছিলের অনুমতি নেই, আদালতের দ্বারস্থ তৃণমূল!
বার্তা ডেস্কঃ
হুগলির শ্রীরামপুরে আগামী ১১ সেপ্টেম্বর প্রস্তাবিত প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে। মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত আয়োজিত এই মিছিলের জন্য লিখিত আবেদন জানানো সত্ত্বেও পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের আর্জি মেনে সোমবার মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এই আইনি লড়াইয়ের মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য পুরো বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, “হাঁটা-চলা শরীরের পক্ষে ভাল।” পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি ধর্না বা মঙ্গলগ্রহ অভিযানের মতো পদক্ষেপ করা উচিত বলেও উপহাস করেন তিনি।
অন্যদিকে, কর্মসূচির আগেই এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা ও উত্তেজনা দেখা গিয়েছে। শ্রীরামপুর ও রিষড়া থানার যৌথ অভিযানে রিষড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জাহিদ হাসানের ঘনিষ্ঠ চার জনকে আটক করা হয়েছে। কালীঘাট তৃণমূলের অভিযোগ, ১১ সেপ্টেম্বরের কর্মসূচি ভণ্ডুল করতেই তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভুয়ো মামলা দিয়ে ধরপাকড় চালাচ্ছে পুলিশ।