পুজোর মুখে ভোটের উত্তাপ, দুই কেন্দ্রে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা!
বার্তা ডেস্কঃ
September 8, 202610:33 am
রাজ্যে আবারও উপনির্বাচনের পারদ চড়তে শুরু করেছে। নির্বাচন কমিশন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তারিখ ঘোষণা করতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গসহ তিনটি রাজ্যের মোট পাঁচটি বিধানসভা এবং একটি লোকসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর ৯ অক্টোবর ভোটগণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগ এবং রেজিনগর থেকে হুমায়ুন কবীরের ইস্তফার কারণে এই দুটি আসন খালি হয়েছিল। সূচি অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রার্থীরা ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৭ সেপ্টেম্বর মনোনয়ন পরীক্ষা (স্ক্রুটিনি) এবং ১৯ সেপ্টেম্বর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। দিন ঘোষণার পরেই সংশ্লিষ্ট জেলাগুলিতে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে।
ভোটের দিনসূচি প্রকাশের পর বিধাননগরে দলীয় কার্যালয়ে বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, সাধারণ মানুষ বিজেপির পক্ষে রয়েছেন এবং আসন্ন উপনির্বাচনে দল অত্যন্ত ভালো ফলাফল করবে। নন্দীগ্রামের ভোট গণনার হিসাব তুলে ধরে তিনি জানান, সেখানে ৭০ শতাংশ মানুষ দলের সমর্থক। রেজিনগরে প্রতিকূলতা থাকলেও সেখানে জয় ছিনিয়ে আনতে সবটুকু দিয়ে চেষ্টা চালানো হবে বলে তিনি জানান।
অন্যদিকে, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন একগুচ্ছ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি বুথেই ইভিএম (EVM) ও ভিভিপ্যাট (VVPAT) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ভোটারদের শনাক্তকরণের জন্য সচিত্র ভোটার কার্ডের পাশাপাশি আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সসহ মোট ১২টি বিকল্প পরিচয়পত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া অপরাধমূলক ব্যাকগ্রাউন্ড থাকা প্রার্থীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জানানো হয়েছে, প্রচার চলাকালীন তাঁদের অন্তত তিনবার গণমাধ্যমে নিজস্ব অপরাধের খতিয়ান প্রকাশ করতে হবে।