রাজেশ শর্মার অসুস্থতার আসল রহস্য ফাঁস!
বার্তা ডেস্কঃ
গত জুলাই মাসে অভিনেতা রাজেশ শর্মার হাসপাতালে ভর্তি হওয়াকে কেন্দ্র করে একটি ভুয়ো খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। দাবি করা হয়েছিল, প্রভাসের আগামী ছবি ‘ফৌজি’-র সেটে বিষাক্ত পোকার কামড়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। এমনকি ‘অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (AICWA)-ও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হায়দরাবাদের শুটিং ইউনিটের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে সম্প্রতি এই সমস্ত জল্পনা ও গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন রাজেশ শর্মা নিজেই।
এক সাক্ষাৎকারে রাজেশ স্পষ্ট জানান, ছবির সেটে বা শুটিং ইউনিটের কারণে তাঁর কিছুই হয়নি। তিনি দীর্ঘদিন ধরে ডান পায়ে ত্বকের সমস্যায় ভুগছিলেন। পরে রক্তে শর্করার মাত্রা (ডায়াবেটিস) অতিরিক্ত বেশি থাকার কারণে সেই সমস্যা জটিল সংক্রমণে রূপ নেয়। হায়দরাবাদে শুটিং চলাকালীন বিষয়টি অবহেলা করলেও কলকাতায় ফেরার পর পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে, যার ফলে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
অভিনেতা জানান, ছবির মেকার্স ও পুরো ইউনিট অত্যন্ত ভালো মানুষ এবং এই ঘটনার জন্য তাঁরা কোনোভাবেই দায়ী নন। তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন এবং আগামী সপ্তাহ থেকেই কাজে ফিরতে পারবেন বলে আশা করছেন। উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে প্রিয়দর্শন পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘হায়ওয়ান’, যেখানে সইফ আলি খান, অক্ষয় কুমার এবং সাইয়ামি খেরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রাজেশ শর্মা।