হরিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনা! পুজো দিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত ৩ পুণ্যার্থী, জখম ১৫
বার্তা ডেস্কঃ
রাজস্থান থেকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে হরিয়ানার কুন্ডলি-মানেসর-পালওয়াল (KMP) এক্সপ্রেসওয়েতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে বাহাদুরগড়ের মান্ডোথি গ্রামের কাছে একটি দ্রুতগতির ক্যান্টার ট্রাক পিছন থেকে পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে। এই ঘটনায় অন্তত তিন জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উত্তরপ্রদেশের চানদৌসির বাসিন্দা একদল পুণ্যার্থী রাজস্থানের গোগামেড়ি ধামে পুজো দিয়ে পিকআপ ভ্যানে চেপে বাড়ি ফিরছিলেন। তাঁদের মধ্যে একাধিক মহিলা ও শিশুও ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপ ভ্যানটি ধীর গতিতেই চলছিল। হঠাৎ পিছন থেকে আসা ক্যান্টার ট্রাকটি সজোরে সেটিকে ধাক্কা দিলে ভ্যানটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং বহু যাত্রী ভিতরে আটকে পড়েন।
খবর পেয়ে আসোদা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন। দ্রুত আহতদের বাহাদুরগড় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে রোহতকের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালেই চিকিৎসা চলছে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাক নিয়ে চালক চম্পট দেয়। আসোদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে চালকের সন্ধানে তল্লাশি চালাচ্ছ। আহতদের বয়ানও নথিভুক্ত করেছে পুলিশ।