স্কুলে যাওয়ার নাম করে উধাও ৫ কিশোরী, টোটোচালকের বুদ্ধিতে ফিরল প্রাণ!

বার্তা ডেস্কঃ

‘বাড়িতে চরম বকাঝকা করা হয়, মেলে না কোনো স্বাধীনতা’—এই ক্ষোভ থেকে স্কুলে যাওয়ার নাম করে একসঙ্গে বাড়ি থেকে পালায় সপ্তম শ্রেণির পাঁচ নাবালিকা। দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী টিফিনের টাকা থেকে একটু একটু করে প্রায় ৮ হাজার টাকা জমিয়ে তারা ঘর ছেড়েছিল। তবে এক সতর্ক ই-রিকশা (টোটো) চালকের তৎপরতায় শেষ রক্ষা হলো না। মঙ্গলবার কোচবিহারে ওই পাঁচ কিশোরীকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে শীতলকুচি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহারের শীতলকুচির স্থানীয় একটি স্কুলের ওই পাঁচ ছাত্রী মঙ্গলবার সকালে স্কুলের পোশাক পরেই বাড়ি থেকে বের হয়। এরপর তারা সোজা কোচবিহার শহরে পৌঁছে একটি ই-রিকশা ভাড়া করে থাকার জন্য ভাড়া বাড়ি খুঁজতে শুরু করে। এত ছোট কিশোরীদের স্কুল পোশাকে ভাড়া বাড়ি খোঁজার বিষয়টি দেখে সন্দেহ হয় ই-রিকশা চালকের। তিনি কালবিলম্ব না করে তাদের সোজা কোচবিহার মহিলা থানায় নিয়ে যান।

অন্যদিকে, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মেয়েরা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন অভিভাবকেরা শীতলকুচি থানায় নিখোঁজ ডায়েরি করেন। দুটি থানার সমন্বয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ করে কিশোরীদের উদ্ধার করে এবং পরিবারের জিম্মায় সোপর্দ করে। তবে কেন তারা একসঙ্গে এই সিদ্ধান্ত নিল এবং তাদের অভিযোগের সত্যতা কতখানি, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *