স্ত্রীকে কেটে ফ্রিজে রেখে খুনি স্বামীর ভয়ঙ্কর হুঙ্কার!
বার্তা ডেস্কঃ
আসামের গুয়াহাটির হাটিগাঁও এলাকায় ২৫ বছরের তরুণী রিয়া তালুকদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। খুনের পর নিহতের কাটা মাথা পলিথিনে মুড়ে ফ্রিজের ভিতর লুকিয়ে রেখেছিলেন তাঁর স্বামী, পেশায় ক্যাবচালক রামানুজ গোস্বামী। গত ৬ সেপ্টেম্বর দম্পতির ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে রিয়ার ক্ষতবিক্ষত মুণ্ডহীন ধড় এবং ফ্রিজ থেকে কাটা মাথা উদ্ধার করে।
ঘটনার পর পুলিশে আত্মসমর্পণ করেন অভিযুক্ত রামানুজ। মঙ্গলবার তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই হত্যাকাণ্ডের জন্য তাঁর বিন্দুমাত্র অনুশোচনা নেই। উল্টে ক্ষোভ প্রকাশ করে হুমকি দেন, জেল থেকে ছাড়া পেলে স্ত্রীর তথাকথিত ‘সুগার ড্যাডি’কেও তিনি হত্যা করবেন।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দাম্পত্য কলহ ও স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই এই চরম নৃশংসতা। তবে নিহতের পরিবার পরকীয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত রামানুজের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। রামানুজের উল্লেখ করা ব্যক্তির কোনো অস্তিত্ব রয়েছে কি না এবং হত্যাকাণ্ডের আসল কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ।