প্রাক্তন জামাইয়ের অভিযোগ, হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
বার্তা ডেস্কঃ
২০২০ সালের একটি রাজনৈতিক সংঘর্ষ ও হামলার ঘটনায় চরম আইনি অস্বস্তিতে পড়েছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাক্তন জামাই তথা বিজেপি নেতা কবীরশঙ্কর বসুর দায়ের করা নতুন অভিযোগের ভিত্তিতে পুলিশি তৎপরতা শুরু হতেই, গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই প্রবীণ সাংসদ।
বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটির প্রাথমিক শুনানি সম্পন্ন হয়। সেখানে কোনও চূড়ান্ত নির্দেশ না এলেও, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপাতত কোনও ‘কড়া পদক্ষেপ’ না নেওয়ার জন্য আদালত মৌখিক নির্দেশ দিয়েছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবী। আগামী বৃহস্পতিবার বিকেল ৪টেয় এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৬ ডিসেম্বর কবীরশঙ্কর বসুর বাড়ি ঘিরে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। চলতি মাসের শুরুতে সেই ঘটনায় শ্রীরামপুর থানায় নতুন করে অভিযোগ জানান কবীরশঙ্কর। এই অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা ও কাউন্সিলরের নাম রয়েছে। ইতিমধ্যেই আকাশ পাত্র নামে এক তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতারও করেছে। পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দের এই জটিল লড়াইয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেদিকেই এখন নজর সর্বস্তরের।