দিল্লি দুর্ঘটনা: ছাত্রদের নিরাপত্তা নিয়ে বড় ঘোষণা দিলেন সোনু সুদ!
বার্তা ডেস্কঃ
দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে একটি বহুতল পেয়িং গেস্ট (পিজি) ভবন ধসে অন্তত ৭ জন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা সোনু সুদ। এই হৃদয়বিদারক ট্র্যাজেডির পর সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি দেশের রাজধানীসহ সর্বত্র পড়তে আসা ছাত্র-ছাত্রীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী বাসস্থানের জোর দাবি জানিয়েছেন।
স্থানীয় বিধায়ক অনিল শর্মা জানান, দুর্ঘটনাকবলিত ভবনটিতে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা ছিল। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অবস্থায় বেশ কয়েকজন শিক্ষার্থী ফোনের মাধ্যমে সাহায্যের জন্য মরিয়া আকুতি জানান। এই ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে সোনু প্রশ্ন তোলেন—প্রতি বছর দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ তরুণ স্বপ্ন পূরণের আশায় বড় শহরে আসে, কিন্তু আমরা কি তাদের ন্যূনতম নিরাপত্তা দিতেও ব্যর্থ?
একটি উদ্বেগজনক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, দিল্লিতে প্রায় ৭ লাখ বহিরাগত শিক্ষার্থী পড়াশোনা করেন। অথচ সরকারি ও প্রাতিষ্ঠানিক হস্টেলে আসন রয়েছে মাত্র ৩০ হাজারের কিছু বেশি। অর্থাৎ গড়ে প্রতি ৩১ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র একজন নিরাপদ হস্টেলে থাকার সুযোগ পান, আর বাকিদের বাধ্য হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বেসরকারি পিজিতে আশ্রয় নিতে হয়।
এই আবাসন সংকট দ্রুত সমাধানের জন্য সরকারের কাছে কিছু প্রস্তাব রেখেছেন সোনু সুদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আশপাশের অব্যবহৃত সরকারি জমিতে দ্রুত নিরাপদ ছাত্রাবাস নির্মাণ এবং ক্যাম্পাস চত্বরে অতিরিক্ত আবাসন তৈরির আইনি অনুমতি দেওয়ার দাবি জানান। তাঁর মতে, শিক্ষা প্রতিষ্ঠানের সীমানায় নিরাপদ বাসস্থান নিশ্চিত করা গেলে অভিভাবকদের দুশ্চিন্তা দূর হবে এবং ভবিষ্যতে এই ধরণের করুণ অঘটন থেকে বহু তাজা প্রাণ রক্ষা পাবে।