‘Roy’ নাকি ‘Ray’, ১৫ কোটির গরমিল ঢাকতে কি কারসাজি? সুপ্রিম কোর্টে ফাঁস সুমিতের কুকীর্তি!

বার্তা ডেস্কঃ

শালবনি জমি দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল রাজ্য সরকার। পুলিশি জিজ্ঞাসাবাদের সময় সুমিত কেবল পদবীর বানানের অসঙ্গতি তুলে ধরে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ পেশ করেছে রাজ্য।

বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও নথিপত্রে কোথাও ‘Sumit RAY’ আবার কোথাও ‘Sumit ROY’ লেখা রয়েছে। জেরার সময় এই বানানের ফারাককে অজুহাত করে দুটি নাম আলাদা ব্যক্তির দাবি করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন অভিযুক্ত। তবে প্যান কার্ড (PAN Card) নম্বর মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়েছে যে, দুটি নাম আদতে একই ব্যক্তির। মূল দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি বলে আগের শুনানিতে সুমিতের আইনজীবী যে দাবি করেছিলেন, তা খণ্ডন করতে এদিন পুরো জিজ্ঞাসাবাদের লিখিত ট্রান্সক্রিপ্ট প্রধান বিচারপতির বেঞ্চে জমা দেয় রাজ্য।

শুনানিতে আরও জানা যায়, সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট প্রায় ১৫ কোটি টাকার সন্দেহজনক অর্থ জমা পড়েছে, যার মধ্যে কেবল গত জুন মাসেই ঢোকে ৭১ লক্ষ টাকা। এই বিপুল অর্থের উৎস জানতে সুমিতকে হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছে রাজ্য সরকার।

অন্যদিকে, সুমিতের পক্ষে প্রবীণ আইনজীবী গোপালশঙ্কর নারায়ণ ও অয়ন ভট্টাচার্য পাল্টা নথি জমা দিয়ে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেন। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শেষে সুপ্রিম কোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *