‘বাংলাদেশি’ সন্দেহে আটক বাংলার ২৩ শ্রমিক, অমিত শাহকে চিঠি অধীরের!
বার্তা ডেস্কঃ
ছত্তিশগড়ের বিলাসপুরে মুর্শিদাবাদের সূতি ও সামশেরগঞ্জের অন্তত ২৩ জন পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহে আটকে রাখার ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। হকার ও দিনমজুর হিসেবে সেখানে কাজ করতে যাওয়া এই শ্রমিকদের পরিবারের দাবি, ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ডের মতো সমস্ত বৈধ ভারতীয় নথি জমা দেওয়ার পরও পুলিশ তাঁদের অহেতুক হেনস্থা ও আটক করে রেখেছে।
এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে কড়া প্রতিক্রিয়া ও জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি স্পষ্ট জানান, ভাষা, উচ্চারণ বা আঞ্চলিক পরিচয় কোনোভাবেই অনৈচ্ছিক নাগরিকত্বের প্রমাণ হতে পারে না। বাংলা ভারতের অষ্টম তফসিলে স্বীকৃত ভাষা, তাই বাংলাভাষী ভারতীয়দের অধিকার দেশের যেকোনো রাজ্যের নাগরিকদের মতোই সমান।
অধীর চৌধুরী আরও উল্লেখ করেন যে ওড়িশা, মহারাষ্ট্র, কর্নাটক ও আসামের মতো রাজ্যেও নিয়মিত বাংলাভাষী শ্রমিকদের ওপর এমন হয়রানির খবর আসছে। বিলাসপুরে আটক শ্রমিকদের দ্রুত আইনি সহায়তা দেওয়া ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করার পাশাপাশি ভাষা বা আঞ্চলিকতার ভিত্তিতে কোনো নাগরিককে যেন হেনস্থা না করা হয়, সে বিষয়ে কেন্দ্রকে স্পষ্ট নির্দেশিকা ও তদন্ত প্রোটোকল জারির আর্জি জানান তিনি।