অনুব্রতর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দ্বারস্থ পূর্ণ দাস বাউল!
বার্তা ডেস্কঃ
বীরভূমের ইলামবাজারে নিজের কৃষিজমি দখলের অভিযোগ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘জনতা দরবারে’ হাজির হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউলশিল্পী ও পদ্মশ্রী প্রাপক পূর্ণ দাস বাউল। বুধবার সল্টলেকে আয়োজিত এই কর্মসূচিতে ছেলেকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে তিনি জানান, ২০২০ সালের লকডাউনের সময় থেকে প্রভাবশালী কিছু ব্যক্তি তাঁর কৃষিজমি বেআইনিভাবে দখল করে রেখেছে। দেশের জন্য সম্মান বয়ে আনার পরও এমন পরিস্থিতির শিকার হতে হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
শিল্পী সরাসরি কারও নাম না বললেও, তাঁর ছেলে অভিযোগের আঙুল তোলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে ‘কেষ্ট’ মণ্ডলের দিকে। তাঁর দাবি, অনুব্রত মণ্ডল ও তাঁর সঙ্গীরাই এই জমি দখলের ঘটনার সাথে যুক্ত। এই অভিযোগের পর রাজনৈতিক অলিন্দে নতুন করে চর্চা শুরু হলেও অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া মেলেনি।
বুধবারের এই জনতা দরবারে শতাধিক ভুক্তভোগী নিজেদের ক্ষোভ ও সমস্যার কথা জানাতে হাজির হয়েছিলেন। তাঁদের মধ্যেই উপস্থিত ছিলেন ২০০২ সালে দক্ষিণ কোরিয়া প্যারালিম্পিক্সে সোনাজয়ী নদিয়ার তাহেরপুরের বাসিন্দা সোমনাথ মাল। ২০১৬ সালের এসএসসি নিয়োগ বাতিল মামলায় চাকরি হারিয়ে তিনি আজ চরম সংকটে। নিজের অর্জিত সোনাজয়ী পদক হাতে নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, অটলবিহারী বাজপেয়ীর প্রশংসা পেলেও নিয়োগ দুর্নীতির কারণে আজ তাঁর মতো যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।