মেয়ের খোঁজে সিউড়ির বৃদ্ধের কান্না, পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
গত ৬ মাস ধরে নিখোঁজ ২৪ বছরের মেয়ে অমৃতা। মেয়েকে ফিরে পাওয়ার আকুল ব্যাকুলতা নিয়ে অবশেষে সল্টলেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘জনতার দরবার’-এ হাজির হলেন বীরভূমের সিউড়ির বাসিন্দা অর্ধেন্দু সিনহা ও তাঁর স্ত্রী সুপ্রিয়া দেবী। মুখ্যমন্ত্রীর সামনে কেঁদে ফেলে মেয়ের সন্ধানের কাতর আর্জি জানান অসহায় বাবা-মা। জবাবে মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে বলেন, “আপনারা নিরাপদে বাড়ি ফিরুন। আপনার মেয়েকে আমরা খুঁজে দেব।”
পরিবার সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাস থেকে নিখোঁজ অমৃতা। অসুস্থ বাবা-মা ও সংসারের অভাব-অনটন মেটাতে কাজ খোঁজার চিন্তাতেই তরুণী বাড়ি ছেড়েছেন বলে ধারণা পরিবারের। মেয়েকে খুঁজতে সিউড়ি থানায় ডায়রি করার পাশাপাশি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বীরভূমের এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে বেড়িয়েছেন বৃদ্ধ অর্ধেন্দু। কোনো খবরের আশায় ছুটে গেছেন কলকাতা থেকে আসানসোল পর্যন্ত। সম্প্রতি তারাপীঠে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেও নিরাপত্তাজনিত কারণে সেই সাক্ষাৎ সম্ভব হয়নি।
অবশেষে চার দিন আগে আবেদন জানানোর পর মঙ্গলবার রাতে তাঁদের কাছে সল্টলেকের দরবারে যাওয়ার নির্দেশ আসে। বুধবার ভোরে ৫:৩০-এর ট্রেন ধরে কলকাতায় পৌঁছান ওই দম্পতি। মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়ে অমৃতার মা সুপ্রিয়া দেবী বলেন, “বাড়িতে অভাব, আমাদের দু’জনেরই শরীর খারাপ। সর্বক্ষণ কাজের কথা ভাবত মেয়েটা। সেই ভাবনা থেকেই হয়তো কোথাও চলে গিয়েছে। ও ছাড়া আমাদের আর কেউ নেই।”
বর্তমানে এই ঘটনার তদন্তে জেলা পুলিশের বিশেষ টিমের পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিআইডি-র সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু এখনও তরুণীর হদিশ মেলেনি। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর ফের নতুন করে আশার আলো দেখছেন অসহায় বাবা-মা।