তৃণমূল ছাড়লেন কৃষ্ণেন্দু, এবার কি বড় কোনো চমক?

বার্তা ডেস্কঃ

মালদহের রাজনীতিতে বড়সড় চমক। অবশেষে ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রবীণ নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পদত্যাগের পরেই দল ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট জানান, আগামী দিনে কোনো ‘বড় ছাতার তলায়’ থাকতে চলেছেন তিনি।

বুধবার ইংরেজবাজার পুরসভার ‘বোর্ড অফ কাউন্সিলার্স’-এর বৈঠকের পরই ইস্তফা দেওয়ার কথা প্রকাশ্যে আনেন পাঁচবারের এই পুরপ্রধান। কারণ হিসেবে ক্ষোভের সঙ্গে কৃষ্ণেন্দু জানান, দীর্ঘদিন ধরে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না। পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করেই তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

তৃণমূলের হয়ে আর কোনোদিন ভোটে লড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষ্ণেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেও তাঁর মন্তব্য, “মমতাদি নিজে বললেও আর তৃণমূলের টিকিট নিয়ে ভোটে দাঁড়াব না। যেমন বৃষ্টি নামবে, তেমনভাবেই ছাতা ধরব। রাজনীতির জন্য জেলে গিয়েছি, আঘাত পেয়েছি, কিন্তু ভয় কোনোদিন পাইনি।”

বিরোধী শিবিরের চক্রান্তের জবাব দিয়ে প্রবীণ এই নেতা বলেন, “অনেকে আমাকে এখান থেকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করেছিল। আজ পরিস্থিতি এমন যে, তারা নিজেরাই রাজনৈতিকভাবে নির্বাসনে চলে গিয়েছে।”

উল্লেখ্য, বাম জামানা থেকেই মালদহের রাজনীতিতে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর আলাদা প্রভাব রয়েছে। কংগ্রেস বিধায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করার পর তৃণমূলে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী ও পুরপ্রধানের দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে ইংরেজবাজার পুরসভায় তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কৃষ্ণেন্দুর এই ইস্তফা ও বিস্ফোরক বয়ান মালদহ জেলা রাজনীতিতে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *