মোদি জন্মদিনে কলকাতার দখল নিতে কি প্রস্তুত বিজেপি!
বার্তা ডেস্কঃ
September 10, 20269:34 am
কলকাতা পুরভোটে বিজেপির মেগা মাস্টারপ্ল্যান আগামী নভেম্বরে সম্ভাব্য কলকাতা পুরসভা (KMC) নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কোমর বেঁধে নামছে বিজেপি। চলতি সীমানা পুনর্বিন্যাসের পর পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯টি হতে পারে। এই প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডেই সংগঠনকে শক্তিশালী করতে এবং বুথ স্তরে নিবিড় জনসংযোগ চালাতে নতুন কৌশল নিয়েছে গেরুয়া শিবির।
পুরভোট পরিচালনা ও প্রস্তুতির দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ কলকাতার দলীয় নেতৃত্বকে নিয়ে পৃথক বৈঠক করেছেন। তিনি জানান, আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। দুর্গাপুজোর আগেই এই অভিযানের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষ, যুব সমাজ, নারী, প্রবীণ নাগরিক ও বুদ্ধিজীবীদের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, শহরের নাগরিক পরিষেবা স্বাভাবিক করতে অবিলম্বে নির্বাচিত পুরবোর্ড গঠন জরুরি।
ডোমকলে দ্রুত পুরভোটের দাবিতে হাইকোর্টে মামলা অন্যদিকে, মুর্শিদাবাদের ডোমকল পুরসভায় দ্রুত নির্বাচন করানোর দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন স্থানীয় সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। ২০২২ সালের পর থেকে সেখানে কোনো নির্বাচিত বোর্ড নেই এবং প্রশাসক দিয়ে পুরসভা চালানো হচ্ছে।
সিপিএম বিধায়কের অভিযোগ, সম্প্রতি কয়েকটি পুরসভায় ভোটের ঘোষণা করা হলেও ডোমকলকে বাদ রাখা হয়েছে, যার ফলে স্থানীয় মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আদালত মামলাটি গ্রহণ করলেও শুনানির দিন এখনো চূড়ান্ত হয়নি।