যাদবপুরে গীতা পাঠ ও হনুমান চালিসা, শুভেন্দুর হুঙ্কারে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
September 10, 202611:34 am
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ও ‘লাল সেলাম’ স্লোগান দেওয়া শক্তিকে সম্পূর্ণ উপড়ে ফেলার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ ‘গেরুয়া সম্মান যাত্রা’র আয়োজন করা হয়। বিজেপি কর্মীদের পাশাপাশি এই মিছিলে বহু সাধু-সন্ন্যাসী ও নাগা সাধুরাও অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের বাইরে জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, গেরুয়া পতাকার অপমান কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শ্রীঅরবিন্দের স্মৃতিবিজড়িত এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দেশবিরোধী স্লোগানদাতাদের মুছে ফেলার সংকল্প জানান তিনি। এর প্রতিবাদে যাদবপুর চত্বরে গীতা পাঠ, হনুমান চালিসা এবং তিন দিনব্যাপী বৈদিক পাঠের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনেরও ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বামপন্থী ছাত্র সংগঠন এবং আরএসএস-পন্থী এবিভিপির (ABVP) মধ্যে রাজনৈতিক ও মতাদর্শগত সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই উত্তেজনার আবহেই গেরুয়া পতাকার মর্যাদা ও জাতীয়তাবাদের বার্তা দিতে রাস্তায় নামল বিজেপি।