স্কুল থেকে বহিষ্কার, শিক্ষককে পিটিয়ে বিপাকে অভিযুক্ত ছাত্ররা!
বার্তা ডেস্কঃ
September 11, 20266:34 pm
জলপাইগুড়ি জেলা স্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় এবার কড়া অবস্থান নিল রাজ্য শিক্ষা দপ্তর। অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
ঘটনার প্রেক্ষাপট
গত ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষ্যে স্কুলের মিড-ডে মিল কক্ষে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেখানে উঁকি দেওয়ায় কয়েকজন ছাত্রকে মারধর করেন প্রধান শিক্ষক। এর পাল্টায় ক্ষুব্ধ ছাত্ররা প্রধান শিক্ষকের ওপর চড়াও হয় এবং তাঁকে তাড়া করে মাটিতে ফেলে মারধর করে। এতে তাঁর মাথা ফেটে যায়। ঘটনার দিন স্কুলেও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্ররা।
শিক্ষা দপ্তরের কড়া পদক্ষেপ
ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিক্ষা দপ্তরের একটি বিশেষ পরিদর্শক দল স্কুলে গিয়ে তদন্ত চালায় এবং শিক্ষকদের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট পেশ করে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে শুক্রবার জলপাইগুড়ি জেলা স্কুলে পৌঁছে শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, শিক্ষক নিগ্রহের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও বরদাস্ত অযোগ্য।
তিনি বলেন, “অভিযুক্ত ছাত্ররা আর এই স্কুলে পড়তে পারবে না। তাদের জলপাইগুড়ি জেলা স্কুল থেকে ছুটি দেওয়া হবে।”
ডিআই-কে দ্রুত টিসি দেওয়ার নির্দেশ
শিক্ষামন্ত্রী জলপাইগুড়ির ডিআই (DI)-কে শনিবারের মধ্যে অভিযুক্ত ছাত্রদের চিহ্নিত করে টিসি ধরানোর নির্দেশ দিয়েছেন। তবে ছাত্রদের ভবিষ্যৎ যাতে একেবারে নষ্ট না হয়, সে কথা মাথায় রেখে অন্য কোনো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ রাখা হচ্ছে। এ বিষয়ে অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের প্রয়োজনীয় সহযোগিতার বার্তাও দিয়েছেন তিনি।