ঘুমন্ত স্ত্রী ও তিন মেয়েকে নৃসংসভাবে খুন, জয়পুরে শোকার্ত জনতা!
বার্তা ডেস্কঃ
September 12, 20269:33 am
জয়পুরের গোবিন্দপুরা এলাকায় ঘটে গেল এক নারকীয় হত্যাকাণ্ড। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠল পরিবারের কর্তা রাহুল ঝার বিরুদ্ধে। এই ভয়াবহ ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন ৪০ বছরের গীতা ঝা এবং তাঁর তিন মেয়ে— নন্দিনী, গিরিশা ও রাধিকা। নিহত তরুণীদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রাহুল ঝা পলাতক।
শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসে। দীর্ঘক্ষণ বাড়ি থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশী ও স্বজনদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের ভেতর থেকে চার জনের রক্তাক্ত দেহ উদ্ধার করে। ঘটনার সময় বাড়িতে অভিযুক্তের ৮৫ বছরের বৃদ্ধ বাবাও উপস্থিত ছিলেন।
ঘটনার খবর ছড়াতেই এলাকায় স্থানীয় মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় এবং তদন্তের জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (FSL) ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তের নমুনা ও হামলায় ব্যবহৃত ইটটি বাজেয়াপ্ত করেছে।
জয়পুর পুলিশের ডিসিপি (পশ্চিম) প্রশান্ত কিরণ জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক বিবাদের জেরে এই খুন বলে মনে করা হলেও, ঘটনার নেপথ্যে আসল কারণ কী তা এখনও অস্পষ্ট। অভিযুক্ত রাহুল ঝাকে গ্রেপ্তারের জন্য একাধিক বিশেষ দল গঠন করে শহরের সমস্ত প্রবেশ ও প্রস্থান পথ সিল করে তল্লাশি চালানো হচ্ছে।