দ্রুত খাবার খাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন ভয়াবহ বিপদ!
বার্তা ডেস্কঃ
September 12, 20269:33 am
ব্যস্ত জীবনের অজুহাতে কিংবা কাজের তাড়ায় অনেকেই খাবার টেবিলে বসে দ্রুত খাওয়া শেষ করে ফেলেন। কিন্তু এই গোগ্রাসে খাবার খাওয়ার পেছনে শুধু সময়ের অভাবই একমাত্র কারণ নয়; বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে কাজ করে মানুষের মনস্তত্ত্ব, আবেগ ও মস্তিষ্কের জটিল সম্পর্ক।
মানসিক চাপ বা উদ্বেগের সময় মানবদেহে ‘কর্টিসল’ হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই পরিস্থিতি মানুষকে না চিবিয়ে দ্রুত খেতে প্ররোচিত করে, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘ইমোশনাল ইটিং’ বা আবেগজনিত খাওয়ার প্রবণতা বলা হয়। এ ছাড়া শৈশবের ভুল অভ্যাস, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে তৈরি হওয়া তীব্র ক্ষুধা কিংবা অতিরিক্ত প্রতিযোগিতামূলক জীবনযাত্রাও মানুষকে তাড়াহুড়ো করে খেতে বাধ্য করে।
হজমের মূল প্রক্রিয়াটি শুরু হয় মুখ থেকেই। কিন্তু দ্রুত খাবার খেলে পাকস্থলী পূর্ণ হওয়ার সংকেত মস্তিষ্কে সময়মতো পৌঁছায় না। এর ফলে প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়া হয়ে যায়, যা পরবর্তীতে স্থূলতা, গ্যাস্ট্রিক ও নানাবিধ শারীরিক জটিলতা সৃষ্টি করে। দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে হলে তাড়াহুড়ো ছেড়ে মনোযোগ দিয়ে ও ভালোভাবে চিবিয়ে খাবার খাওয়ার বিকল্প নেই।