‘শারদোৎসব’ না ‘দুর্গোৎসব’! স্টল বিতর্ক ঘিরে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর!
বার্তা ডেস্কঃ
September 12, 20262:33 pm
দুর্গাপুজো মণ্ডপের পাশে বামপন্থীদের বইয়ের স্টল বসানো এবং তার নামকরণ ঘিরে রাজ্য রাজনীতিতে তরজা চরম আকার ধারণ করেছে। বিধানসভায় এই নিয়ে সরব হওয়ার পর, এবার সরাসরি গণেশ পুজোর মঞ্চ থেকেও বাম শিবিরকে কড়া ভাষায় আক্রমণ শানানো হলো।
বাম জমানার সমালোচনা করে ক্ষোভ উগরে দিয়ে জানানো হয়, দীর্ঘ ৩৪ বছরের শাসনামলে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে কোনঠাসা করে রাখা হয়েছিল। সেই সঙ্গে আরতি, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মতো সনাতনী আচার-অনুষ্ঠানগুলোকে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল বলেও গুরুতর অভিযোগ তোলা হয়।
উল্লেখ্য, সম্প্রতি বিধানসভায় নির্দেশাত্মক সুরেই জানানো হয়েছিল যে, পুজোর মরশুমে মণ্ডপের পাশে বইয়ের স্টল দিতে হলে ধর্মনিরপেক্ষ ‘শারদোৎসব’ শব্দ ব্যবহার করা চলবে না; স্পষ্টভাবে ‘দুর্গাপুজো’ বা ‘দুর্গোৎসব’ নামেই স্টল দিতে হবে। একই সঙ্গে বামপন্থী শিক্ষকদের ভূমিকা নিয়েও সরব হতে দেখা যায়। সব মিলিয়ে উৎসবের আবহে এই স্টল ও নাম বিতর্ক এখন বঙ্গ রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয়।