মাটির নিচে মাদক ও টাকার পাহাড়, আলিপুরদুয়ারে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
September 12, 20262:33 pm
আলিপুরদুয়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকায় এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকল এলাকাবাসী। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি কাঁচা বাড়িতে অভিযান চালিয়ে মাটির মেঝের নিচ থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। সাধারণ একটি টিনের ঘর ও মাটির মেঝের নিচে লুকানো ছিল প্রায় ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং নগদ ৪ লক্ষ ৮৬ হাজার ৬০৪ টাকা।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মাদক ব্যবসায়ী বাবন বলের ঘরে ঢুকেই মাটির এবড়ো-খেবড়ো ভাব দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। সেই সন্দেহজনক স্থান খুঁড়তেই বেরিয়ে আসে মাটির কলসি ও প্লাস্টিকের বালতি। তার ভেতর থরে থরে সাজানো ছিল কেজি কেজি গাঁজা।
শুধু মাদকই নয়, ঘরের বিভিন্ন স্থানে কাপড়ের তলে, বস্তায় এবং ক্যারি-ব্যাগে চতুরতার সঙ্গে লুকিয়ে রাখা হয়েছিল রাশি রাশি নগদ টাকা। ৫ ও ১০ টাকার কয়েন থেকে শুরু করে ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোটে মোড়া সেই বিপুল অর্থ গুনে বাজেয়াপ্ত করতে রাত ৮টা থেকে দীর্ঘ সময় লেগে যায় পুলিশের।
ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত বাবন বল পলাতক। তবে বাড়িতে উপস্থিত তার বোনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে কেবল গাঁজা নয়, ব্রাউন সুগারের মতো মারাত্মক মাদকের কারবারের যোগ থাকতে পারে। পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে।