অনুমোদনহীন ২৫২টি মাদ্রাসা বন্ধের কড়া নির্দেশ, রাজ্যজুড়ে শোরগোল!
বার্তা ডেস্কঃ
September 13, 20269:33 am
পশ্চিমবঙ্গে অননুমোদিত মাদ্রাসাগুলির পরিকাঠামো এবং কার্যকারিতা খতিয়ে দেখতে এবার বড়সড় এবং কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রথম ধাপে রাজ্যজুড়ে মোট ২৫২টি মাদ্রাসা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নোটিস জারি করা হয়েছে, যার বেশিরভাগই ‘খারিজি মাদ্রাসা’ বলে চিহ্নিত হয়েছে। এর পাশাপাশি আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে।
গত ২২ জুলাই রাজ্য সরকারের ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর’-এর উদ্যোগে কলকাতা সহ গোটা রাজ্যে একটি ব্যাপক সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষার রিপোর্টে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য— রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬টি মাদ্রাসার কোনও উপযুক্ত সরকারি অনুমোদনই নেই। সমস্ত জেলাশাসককে নির্দেশ পাঠিয়ে অনুমোদিত, অননুমোদিত, নিবন্ধিত, অনিবন্ধিত এবং বিভিন্ন বেসরকারি ও সম্প্রদায়-পরিচালিত মাদ্রাসাকে এই সমীক্ষার আওতায় আনা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলির বর্তমান পরিকাঠামো, পঠনপাঠন এবং ছাত্রছাত্রীদের বিস্তারিত তথ্য সংগ্রহ করার পরেই অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট দফতর।
মাদ্রাসা শিক্ষার মান ও স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সরকারের তরফে মন্ত্রী অগ্নিমিত্রা জানান, অতীতেও তাঁরা এই বিষয়ে সরব ছিলেন। তাঁর কথায়, মাদ্রাসায় দেওয়া ৫ হাজার ৭১৩ কোটি টাকার সরকারি অনুদানের সুবিধা প্রকৃত কতজন শিক্ষার্থী পাচ্ছে এবং সেখান থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বা উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক তৈরি হচ্ছেন, তা স্পষ্ট হওয়া অত্যন্ত জরুরি। এই বিপুল পরিমাণ অর্থ সঠিক কাজে ব্যবহৃত হচ্ছে কি না এবং সেখানে আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই নজরদারি। সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদেরও রাজ্যের মূলস্রোতের উন্নয়নের ধারায় সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেই জোরালো বার্তা দেওয়া হয়েছে সরকারের তরফে।