জোড়াফুল লুটের প্রতীক, টানাটানিতে উপড়ে গেল ঘাসই!
বার্তা ডেস্কঃ
September 18, 20265:42 pm
তৃণমূলের নাম ও প্রতীক ‘ফ্রিজ়’ করার সিদ্ধান্ত নিয়ে শাসকদলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে খড়্গপুরে মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, কালীঘাটপন্থী তৃণমূল ও ঋতব্রত শিবিরের অভ্যন্তরীণ দড়ি টানাটানির জেরেই আজ এই চরম পরিণতি।
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুক্রবার সকাল ১১টার মধ্যে দুই গোষ্ঠীকেই ৩টি করে বিকল্প নাম ও প্রতীক জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের এই টানটান উত্তেজনার মাঝেই জোড়াফুল চিহ্নকে ‘লুটের প্রতীক’ বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। ব্যঙ্গের সুরে তিনি বলেন, “আমরা আগেই বলেছিলাম এটা বন্ধ হওয়া দরকার। দু’পক্ষের টানাটানি দেখতে গিয়ে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত ঘাসফুলটাই উপড়ে ফেলে দিল!”
কালীঘাটপন্থী তৃণমূলকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজেপি নেতা বলেন, “হিম্মত থাকলে এবার অন্য কোনো নতুন প্রতীক নিয়ে লড়াই করে দেখাক, তা হলেই বোঝা যাবে কার কত ক্ষমতা।” কমিশনের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নেওয়ার বার্তা দিয়ে তাঁর সংযোজন, “তৃণমূল এখন নির্মূলের পথে। আগামী দিনে দলটাও থাকবে না, আর ঘাসও থাকবে না।”
পাশাপাশি, কাকলি ঘোষ দস্তিদারের ছেলের অভিযোগের জেরে তৃণমূল মুখপাত্রকে পুলিশি তলব প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। জনপ্রতিনিধিদের সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়ে দিলীপ জানান, কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ না করলে দলের নেতারা নিজেদের ভাবমূর্তি নিজেরাই নষ্ট করবেন।