দাম বাড়ছে হু হু করে, সস্তার ফোন বাঁচাতে নির্মলা সীতারামনকে চিঠি!
বার্তা ডেস্কঃ
September 18, 20266:30 pm
স্মার্টফোনের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মধ্যবিত্তের। গত এক বছরে বাজেট বা এন্ট্রি-লেভেল মোবাইলের দাম প্রায় ৩৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ায় বাজারে ১০ হাজার টাকার নিচের ফোন একপ্রকার উধাও হতে বসেছে। এই পরিস্থিতি সামাল দিতে এবং দেশীয় বাজার চাঙ্গা রাখতে এবার কেন্দ্রের সরাসরি হস্তক্ষেপ চাইল ‘ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন’ (ICEA)।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দেওয়া এক চিঠিতে মোবাইল ফোনে বর্তমান ১৮% জিএসটি কমিয়ে সরাসরি ৫% করার আর্জি জানিয়েছে সংগঠনটি।
কেন হু হু করে বাড়ছে সস্তার ফোনের দাম?
- মেমোরি চিপের অস্বাভাবিক দাম: বিশ্বজুড়ে এআই (AI) ডেটা সেন্টারের চাহিদা তুঙ্গে থাকায় মেমোরি চিপের ঘাটতি দেখা দিয়েছে। ফলে এর দাম প্রায় চারগুণ পর্যন্ত বেড়েছে।
- টাকার দর পতন: মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার অবমূল্যায়ন হওয়ার বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানির খরচ অনেকটাই বেড়ে গেছে।
- উৎপাদন ব্যয় বৃদ্ধি: সামগ্রিক কাঁচামালের আকাশছোঁয়া খরচের সরাসরি প্রভাব পড়ছে ফোনের চূড়ান্ত দামে।
সংকটে এন্ট্রি-লেভেল সেগমেন্ট
আইসিইএ-র তথ্য অনুযায়ী, একসময় বাজারে দাপিয়ে বেড়ানো ১০ হাজার টাকার নিচের স্মার্টফোন এখন মোট সরবরাহের মাত্র ৫ শতাংশেরও নিচে নেমে এসেছে। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রাথমিক প্রয়োজনের ফোনগুলি।
শিল্পমহলের মতে, জিএসটি ৫ শতাংশে নামিয়ে আনলে করের বোঝা কমবে এবং নির্মাতারা ফের সাশ্রয়ী দামে ফোন বাজারে আনতে পারবেন। ভারত নিজেকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুললেও দেশীয় বাজার ধরে রাখা সমান জরুরি। এখন দেখার, আসন্ন জিএসটি কাউন্সিলের বৈঠকে সরকার আমজনতাকে এই স্বস্তি দেয় কি না।