বিশ্বকর্মা পুজোর রাতে নাগেরবাজারে ভয়ঙ্কর তাণ্ডব, যুবককে পিটিয়ে জখম ও তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ!
বার্তা ডেস্কঃ
September 19, 20267:35 pm
নাগেরবাজার: বিশ্বকর্মা পুজোর আমেজ কাটতে না কাটতেই দমদমের নাগেরবাজারে এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল এলাকা। শুক্রবার রাতে বাইকচালক এক যুগলের ওপর অতর্কিতে হামলা, বেধড়ক মারধর এবং তরুণীর শ্লীলতাহানির অভিযোগ উঠল একদল মত্ত যুবকের বিরুদ্ধে। আক্রান্ত যুবককে বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয় বলেও জানা গেছে।
ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাতে বাইকে করে নাগেরবাজার থেকে লেকটাউনের দিকে যাচ্ছিলেন ওই যুগল। অভিযোগ, রাস্তার মাঝে পথ আটকে দাঁড়িয়ে ছিল কয়েকজন মত্ত যুবক। তাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য বাইকচালক হর্ন বাজাতেই চটে যায় তারা।
প্রথমে অশালীন মন্তব্য ও কটূক্তি শুরু হলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। যুগল বিবাদে না জড়িয়ে এড়িয়ে যেতে চাইলেও, অভিযুক্তেরা বাইক থামিয়ে তাদের ঘিরে ধরে ও হুমকি দিতে থাকে।
মারধর ও শ্লীলতাহানি: তরুণীর অভিযোগ, মত্ত যুবকেরা তাঁর ওপর চড়াও হয়ে শ্লীলতাহানি করে। সঙ্গিনীকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর সঙ্গীর ওপর অতর্কিতে হামলা চালানো হয়। যুবককে বাইক থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করা হয় এবং বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয়।
পুলিশের অ্যাকশন: ঘটনার পর পরই নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ শুভঙ্কর দত্ত নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনায় যুক্ত বাকি অভিযুক্তেরা বর্তমানে পলাতক। পুলিশ তাদের খোঁজে সব জায়গায় তল্লাশি অভিযান জোরদার করেছে।