পুজোর মুখেই লক্ষ্মীলাভ, অক্টোবর মাসে মিলবে জোড়া বেতন ও বোনাস!
বার্তা ডেস্কঃ
September 19, 20267:38 pm
কলকাতা: আসন্ন দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা করছে বিশেষ আর্থিক সুযোগ-সুবিধা। বর্ধিত ডিএ, উৎসব বোনাস এবং অগ্রিম—সব মিলিয়ে অক্টোবর মাসে সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা জমা হতে চলেছে। পুজোর দীর্ঘ ছুটির কথা মাথায় রেখে কর্মীদের আর্থিক স্বস্তি দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে নবান্নে।
৩৮ শতাংশ হারে ডিএ: রাজ্য সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) দেওয়া হবে। বর্ধিত এই হারের ফলে মাসের শুরুতেই বেতনের অঙ্কে যোগ হবে বাড়তি টাকা।
অ্যাড হক বোনাস ও সুদমুক্ত অগ্রিম: পুজো উপলক্ষে যোগ্য কর্মচারীরা সর্বোচ্চ ৭,৪০০ টাকা পর্যন্ত অ্যাড হক বোনাস পাবেন। নবান্ন থেকে ইতিমধ্যেই এ বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে যোগ্যতার মাপকাঠি স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত যাঁদের সংশোধিত বেতন ৪৬,০০০ টাকা থেকে ৫৪,০০০ টাকার মধ্যে, তাঁরা সর্বোচ্চ ২২,০০০ টাকা পর্যন্ত সুদমুক্ত অগ্রিম নেওয়ার সুযোগ পাবেন, যা পরবর্তী ১০টি কিস্তিতে ফেরত দেওয়া যাবে।
অক্টোবরে কি দু’বার বেতন পাবেন কর্মীরা? চলতি বছর অক্টোবরের শেষভাগে পুজো পড়ায় দীর্ঘ ছুটি থাকবে সরকারি দফতরগুলোতে। কর্মীদের উৎসবের দিনগুলোতে আর্থিক প্রয়োজন মেটাতে মাসের বেতন নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই অ্যাকাউন্টে জমা করার পরিকল্পনা করা হচ্ছে। ফলে অক্টোবরের শুরুতে এক দফা এবং পুজোর মুখে আরেক দফা অর্থ হাতে পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে অক্টোবরে দু’বার বেতন বা আগেভাগে তা হস্তান্তরের বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিষয়টি বর্তমানে নবান্নের প্রশাসনিক স্তরে আলোচনার পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে।