রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, হুথিদের মিসাইল হামলায় কেঁপে উঠল অ্যারামকো!
বার্তা ডেস্কঃ
September 20, 20267:28 am
রিয়াধ সংঘাত ও বিস্ফোরণ মধ্যপ্রাচ্যে ইয়েমেন-সৌদি সংঘাত এক নতুন ও আশঙ্কাজনক মোড় নিল। শনিবার সকালে সৌদি আরবের রাজধানী রিয়াধ বিমানবন্দর সংলগ্ন এলাকা কেঁপে ওঠে বিকট বিস্ফোরণে। একই সাথে সৌদি আরবের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চল এবং বিশ্বের অন্যতম শীর্ষ তেল সংস্থা ‘সৌদি অ্যারামকো’র (Saudi Aramco) পরিকাঠামো লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
আতঙ্কে বাসিন্দারা, জারি জরুরি সতর্কবার্তা হামলার পরপরই রাজধানী রিয়াধ জুড়ে সাইরেন বাজিয়ে জরুরি সতর্কবার্তা জারি করে সৌদি প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, লাগাতার বিস্ফোরণের তীব্রতায় রিয়াধের ঘরবাড়ির জানলা-দরজা পর্যন্ত কেঁপে ওঠে। রিয়াধ বিমানবন্দরের কাছে একটি এলাকা (যেখানে ‘SAFARI’ লেখা একটি কাঠামো রয়েছে) থেকে আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।
হুথিদের দায় স্বীকার ও কড়া বার্তা এই সর্বাত্মক হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি জারি করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া। তিনি জানান, রিয়াধের বেশ কিছু সংবেদনশীল এলাকা এবং লোহিত সাগরের উপকূলে অবস্থিত অ্যারামকোর পরিকাঠামো লক্ষ্য করে একাধিক ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, গত এক সপ্তাহে ইয়েমেন ও রাজধানী সানায় সৌদি জোটের চালানো প্রায় ৩০০টি বিমান হামলার জবাবেই এই প্রত্যাঘাত। তবে এই বিষয়ে সৌদি প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
কৌশলগত জলপথ বাব-আল-মান্দেব দখলের দাবি হামলার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বাব-আল-মান্দেব প্রণালী’ (Bab-al-Mandeb Strait) এবং ‘মোখা বন্দর’ (Mokha Port) নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথি গোষ্ঠী। লোহিত সাগর ও ভারত মহাসাগরের মধ্যবর্তী এই প্রণালীটি সৌর আরবের তেল রপ্তানির অন্যতম মূল রুট। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এই পথেই তেল পরিবহন করছিল সৌদি আরব। ফলে এই দাবির সত্যতা থাকলে বিশ্বজুড়ে তেল সরবরাহ মারাত্মক ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
সংঘাতের দীর্ঘ পটভূমি ইয়েমেনের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি জোট। গত কয়েক মাসে দুই পক্ষের লড়াই আরও তীব্র হয়েছে। চলতি সপ্তাহেই ইয়েমেনের আকাশে একটি সৌদি যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করেছিল হুথিরা। রিয়াধ বিমানবন্দর ও অ্যারামকোয় এই সাম্প্রতিক হানায় দুই দেশের সংঘাত এখন পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে চলেছে।