দুর্গাপুজোয় রেলযাত্রীদের জন্য দারুণ সুখবর! একগুচ্ছ স্পেশাল ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে
বার্তা ডেস্কঃ
September 22, 20269:11 am
আসন্ন দুর্গাপুজোয় ভ্রমণপিপাসু ও বাড়ি ফেরা মানুষদের যাতায়াত সহজ করতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উৎসবের দিনগুলিতে ট্রেনে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে একগুচ্ছ ‘পুজো স্পেশাল’ ট্রেন চালানোর ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেল। বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিশেষ ট্রেনগুলির সময়সূচি ও রুট প্রকাশ করা হয়েছে।
প্রতিবছর পুজোর আগে থেকেই টানা প্রায় দেড় মাস ট্রেনগুলিতে যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকে। সাধারণ টিকিটের মারামারি এড়াতে এবং যাত্রা আরামদায়ক করতেই আগেভাগেই এই বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে।
পুজো স্পেশাল ট্রেনের রুট ও সময়সূচি:
- রাঁচি – আজমীর স্পেশাল (০৯৬২০/০৯৬১৯):
- ০৯৬২০ রাঁচি–আজমীর স্পেশাল: আগামী ৪ অক্টোবর, ২০২৬ থেকে ২৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রতি রবিবার নিয়মিত চলবে।
- ০৯৬১৯ আজমীর–রাঁচি স্পেশাল: আগামী ২ অক্টোবর, ২০২৬ থেকে ২৭ নভেম্বর, ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার পরিচালিত হবে।
- সাঁতরাগাছি – আহমেদাবাদ স্পেশাল (০২৮৩৪/০২৮৩৩):
- ০২৮৩৪ সাঁতরাগাছি–আহমেদাবাদ স্পেশাল: ২০ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার) রাত ১২:১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে ২১ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১:৫০ মিনিটে আহমেদাবাদ পৌঁছবে।
- ০২৮৩৩ আহমেদাবাদ–সাঁতরাগাছি স্পেশাল: ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২:২৫ মিনিটে আহমেদাবাদ ছেড়ে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর ৩:৩০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে।
প্রধান স্টপসমূহ: সাঁতরাগাছি-আহমেদাবাদ স্পেশাল ট্রেনটি দক্ষিণ-পূর্ব রেলের অন্তর্গত খড়গপুর, টাটানগর, চক্রধরপুর, রাউরকেল্লা এবং ঝাড়সুগুডা স্টেশনে থামবে।
উৎসবের মরশুমে টিকিটের হাহাকার কমাতে রেলের এই আগাম পদক্ষেপ দূরপাল্লার যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে।