বিদায় ক্যানিং পোস্টের পরই সিআইডি তলব, অসুস্থ হয়ে হাসপাতালে পরেশরাম!
বার্তা ডেস্কঃ
September 22, 202610:48 am
কলকাতা: CID-র কড়া জেরার মুখেই চরম অসুস্থ হয়ে পড়লেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। জিজ্ঞাসাবাদের মাঝেই আচমকা বুকে ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ঠিক কী ঘটেছিল? ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে হিংসার একটি মামলায় পরেশ রাম দাসকে তলব করেছিল সিআইডি। সোমবার সকাল ১১টা নাগাদ ভবানী ভবনে সিআইডি সদর দফতরে হাজিরা দেন তিনি। এর আগেও তাঁকে তিন বার তলব করা হয়েছিল।
তদন্তকারী সংস্থা সূত্রের খবর, টানা প্রায় ৫ ঘণ্টা ধরে জেরা চছিল। বিকেল ৪টে নাগাদ বিধায়ক হঠাৎই বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা জানান। পরিস্থিতি বিগড়োচ্ছে দেখে আধিকারিকরা কালবিলম্ব না করে তাঁকে উদ্ধার করে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যান। সেখানে বর্তমানে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিধায়কের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণ জরুরি।
হাজিরার আগেই জল্পনা উসকেছিলেন বিধায়ক! সোমবার ভবানী ভবনে হাজির হওয়ার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছিলেন পরেশ রাম দাস। তিনি লিখেছিলেন, “বিদায় ক্যানিং, আবার দেখা হবে, কথা হবে।”
বিধায়কের এই আবেগঘন পোস্টের পরই তাঁর অনুগামীদের মধ্যে জোর জল্পনা শুরু হয়—তবে কি তিনি গ্রেফতারির আশঙ্কা করছেন? যদিও ভবানী ভবনে ঢোকার মুখে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি শুধু বলেন, “বেরিয়ে এসে কথা হবে।”
আগে থেকেই অসুস্থ ছিলেন বিধায়ক? ঘনিষ্ঠ সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই বেশ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই তৃণমূল নেতা। সম্প্রতি চেন্নাই থেকে চিকিৎসা করিয়ে ফিরেছিলেন তিনি। সোমবার ভবানী ভবনে যাওয়ার সময়ও তাঁর সাথে ইনহেলার ছিল বলে জানা গিয়েছে।