ভাড়াটে হাসপাতালে মেডিকেল কলেজ! বর্ধমানে স্বাস্থ্য দফতরের বড় পদক্ষেপে চাঞ্চল্য
বার্তা ডেস্কঃ
September 22, 20261:06 pm
নিজের কলেজ বিল্ডিং রয়েছে, কিন্তু চিকিৎসা ও পড়াশোনার জন্য হাসপাতাল নেওয়া হয়েছিল ভাড়ায়! সেই ভাড়ার হাসপাতালকেই নিজস্ব দাবি করে দেদার চলছিল ডাক্তারি পড়ুয়া ভর্তি। অবশেষে স্বাস্থ্য দফতরের কড়া নজরদারিতে বন্ধ হয়ে গেল বর্ধমানের তালির একটি বেসরকারি মেডিক্যাল কলেজ।
কীভাবে ফাঁস হল কারচুপি? গত মাসেই বর্ধমানের এই মেডিক্যাল কলেজ পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কলেজ পরিদর্শনের পাশাপাশি তিনি সেই হাসপাতালটিতেও আচমকা ভিজিট করেন। তদন্তে উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য—যে হাসপাতালটিকে কলেজের নিজস্ব বলে দাবি করা হচ্ছিল, সেটি আসলে চুক্তিভিত্তিক ভাড়ায় চালানো হতো। উপরন্তু, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কলেজের চুক্তিও ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করেন ওই হাসপাতালের কর্ণধার। এর পরেই রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয় আস্ত মেডিক্যাল কলেজটি।
রাজ্যে ভুয়া ডাক্তার বিতর্ক ও রাজনৈতিক পারদ এই ঘটনা সামনে আসতেই নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের দাবি, বিগত আমলের প্রশাসনিক শিথিলতার কারণেই রাজ্যে এইভাবে যেখানে-সেখানে বেআইনি মেডিক্যাল কলেজ ও ভুয়া চিকিৎসকদের রমরমা তৈরি হয়েছিল।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যজুড়ে জাল ডিগ্রিধারী ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু হয়েছে। টাকার বিনিময়ে জাল মেডিকেল ডিগ্রি দেওয়ার অভিযোগে মেডিক্যাল কাউন্সিলের তৎকালীন সদস্য সুদীপ্ত রায় ও নির্মল মাজিসহ একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর (FIR) দায়ের হয়েছে। সমগ্র ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।