২০ সাংসদের পদ খারিজের জল্পনা! সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বড় পদক্ষেপে তোলপাড় সংসদ
বার্তা ডেস্কঃ
September 22, 20261:48 pm
জাতীয় রাজনীতির মোড় ঘোরা নাটকে এবার বড় পদক্ষেপ! তৃণমূল কংগ্রেস ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়া’ (NCPI)-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের সদস্যপদ খারিজের আইনি নোটিস ঘিরে তোলপাড় রাজ্য তথা দেশ। এই পরিস্থিতিতে লোকসভার স্পিকারের কাছে কারণ দর্শানোর জবাব দিতে আনুষ্ঠানিকভাবে চার সপ্তাহের অতিরিক্ত সময় চেয়ে আবেদন জানালেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
ঘটনার সূত্রপাত গত ২৬ আগস্ট। সংবিধানের দশম তফসিল অর্থাৎ ‘দলত্যাগ বিরোধী আইন’ অনুযায়ী ওই ২০ জন সাংসদকে লোকসভা সচিবালয় থেকে নোটিস পাঠানো হয়। তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল—আইন লঙ্ঘনের কারণে কেন তাঁদের সাংসদ পদ বাতিল করা হবে না?
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর থেকেই বাংলার রাজনীতির সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। দুই-তৃতীয়াংশ সদস্য একযোগে দল পরিবর্তন করলে আইনি বৈধতা থাকে কি না, তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। তবে আর্জির মাধ্যমে সময় চেয়ে নেওয়ার এই চাল রাজনৈতিক ও আইনি লড়াইকে নতুন মাত্রা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।