প্রচারে নামলেই গ্রেপ্তার! ডিজিটাল লড়াইয়ে ফিরলেন হুমায়ুন কবীর
বার্তা ডেস্কঃ
September 22, 20262:30 pm
রেজিনগর উপনির্বাচনে হঠাৎ বড় মোড়! পুলিশের ধরপাকড় ও দলীয় কর্মীদের হয়রানির অভিযোগে মাঠের প্রচার ছেড়ে এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। নিজের পুত্র তথা রেজিনগরের দলীয় প্রার্থী রবিনের সমর্থনে এবার ডিজিটাল মাধ্যমকেই হাতিয়ার করলেন তিনি।
কেন মাঠ ছাড়লেন হুমায়ুন?
হুমায়ুনের অভিযোগ, রেজিনগর উপনির্বাচনে তাঁর ছেলে গোলাম নবি আজাদের (রবিন) সমর্থনে কর্মীরা প্রচারে বেরোলেই বেছে বেছে পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে। সোমবার বহরমপুর থানায় একটি মামলায় হাজিরা দেওয়ার পর রেজিনগরে কর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন হুমায়ুন। এরপরই মঙ্গলবার সকাল থেকে পুরোদমে সমাজমাধ্যমে প্রচার শুরু করেন তিনি।
নির্বাচন কমিশন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ:
- প্রতীক বাতিল বিতর্ক: হুমায়ুন জানান, গত ৯ সেপ্টেম্বর ‘বাঁশি’ প্রতীক চেয়ে ফরম জমা দেওয়ার পর নির্বাচন কমিশন কোনও আপত্তি জানায়নি। লক্ষ লক্ষ টাকার ব্যানার-পোস্টার ছাপানোর পর হঠাৎ প্রতীক বাতিল করায় নতুন করে প্রচার চালাতে হচ্ছে।
- অনলাইন প্রচার কৌশল: প্রতিদিন অন্তত ১-২টি ভিডিও বা লিখিত বক্তব্যের মাধ্যমে সমাজমাধ্যমে বার্তা দেবেন তিনি। এই প্রচার চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত (অনুমতি মিললে ৫ অক্টোবরও)।
- কর্মী গ্রেপ্তার: কাসিপুর ও গোপালপুরসহ বিভিন্ন এলাকা থেকে যুব সেলের আহ্বায়ক সোহেল মন্ডল, ব্লক নেতা আনিসুর রহমান ও কাফারুল শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ তোলা হয়েছে।
মাঠ ছাড়ার ভাবনায় প্রার্থী পুত্র রবিনও:
বাবার ডিজিটাল প্রচারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে প্রার্থী রবিন জানান, পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে তাতে মাঠে থাকা আসাম্ভব হয়ে পড়ছে। রবিনের কথায়, “আমি সাধারণ মানুষের সঙ্গে হাত মেলালেই পুলিশ এসে ছবি তুলে নিচ্ছে। এরপরই সেই কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এমন আতঙ্কের মধ্যে মাঠে থাকা সম্ভব কি না, তা পুনর্বিবেচনা করছি।”