অভিষেকের বাড়ির দরজায় ধাক্কা! চাকরি ফেরাতে হাই কোর্টের বড় নির্দেশ!
বার্তা ডেস্কঃ
September 22, 20267:35 pm
সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে গার্ডরেলে গাড়ি ধাক্কা দেওয়ার অপরাধে চাকরি খুইয়েছিলেন এক পুলিশকর্মী। এবার তাঁকে ফের কাজ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করতে কলকাতা পুলিশকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নিয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থপ্রতিম রায়ের ডিভিশন বেঞ্চের স্পষ্ট পর্যবেক্ষণ— ওই পুলিশকর্মী ভুল করেছিলেন ঠিকই, কিন্তু তার জন্য চাকরি কেড়ে নেওয়া অত্যন্ত চরম পদক্ষেপ। ছোটখাটো লঘু শাস্তি দিলেই চলত, কারণ ওই ঘটনায় কেউ আহত হননি।
ঠিক কী ঘটেছিল সেদিন? ২০০০ সালে কলকাতা পুলিশে চালক হিসেবে যোগ দেন ধীরেন্দ্রনাথ মাহাতো। ২০০৫ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে কম চাপের ডিউটি দেওয়া হতো। ২০২৩ সালের ৪ ডিসেম্বর অভিষেকের বাসভবনের সামনে একটি মোবাইল টয়লেট ভ্যানের ডিউটিতে ছিলেন তিনি।
সেদিন ভ্যানটি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়ালে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে ওই ভ্যানের মূল চালক না থাকায় নিজেই গাড়িটি সরাতে যান ধীরেন্দ্রনাথ। কিন্তু অসাবধানতাবশত রিভার্স গিয়ার পড়ে যাওয়ায় ভ্যানটি পিছিয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে অভিষেকের বাড়ির গার্ডরেল ও প্রবেশদ্বারে।
নিলম্বন থেকে আদালতের স্বস্তি: ঘটনার পরদিনই (৫ ডিসেম্বর ২০২৩) তাঁকে বরখাস্তের প্রক্রিয়ায় সাসপেন্ড করা হয়। পরবর্তীতে তা প্রত্যাহার করা হলেও, গত বছরের ফেব্রুয়ারি মাসে আচমকাই তাঁকে শো-কজ় করা হয় এবং ২৮ ফেব্রুয়ারি চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ধীরেন্দ্রনাথ। আদালতের এই নতুন নির্দেশে দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে চাকরি ফিরে পাওয়ার আলো দেখছেন ওই প্রবীণ পুলিশকর্মী।