৩৭ লাখের পাহাড়! ভোটার তালিকার জট কাটাতে কি ১২ বছর লাগবে?
বার্তা ডেস্কঃ
September 22, 20268:00 pm
পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকায় নাম যুক্ত করা বা বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে জমা পড়েছে পাহাড়প্রমাণ আবেদন। সম্প্রতি সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামায় এ বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)। কমিশন জানিয়েছে, বকেয়া আবেদনের নিষ্পত্তির গতি এতটাই ধীর যে, এভাবে চলতে থাকলে পুরো জট কাটাতে অন্তত ১২ বছর সময় লেগে যাবে!
এই পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে ট্রাইব্যুনালের সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৪২ করার প্রস্তাব দিয়েছে কমিশন।
কমিশনের পেশ করা তথ্যের মূল পয়েন্ট:
- মোট বকেয়া: রাজ্যজুড়ে ট্রাইব্যুনালে জমা পড়া আবেদনের সংখ্যা ইতিমধ্যে ৩৮ লাখ অতিক্রম করেছে। এর মধ্যে ৩৭ লক্ষের বেশি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
- কাজের ধীরগতি: গত পাঁচ মাসে নিষ্পত্তি হয়েছে মাত্র ১ লক্ষ ২৬ হাজার আবেদন।
- নাম ফেরানোর দাবিই বেশি: মোট আবেদনের মধ্যে প্রায় ২২.২১ লাখ আবেদন জমা পড়েছে বাদ যাওয়া নাম ভোটার তালিকায় পুনরায় ফেরানোর জন্য। অন্যদিকে, তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জমা পড়েছে ১৬.১০ লাখের বেশি আবেদন।
কোন জেলায় সবচেয়ে খারাপ অবস্থা?
- মুর্শিদাবাদ: রাজ্যজুড়ে আবেদনের বিচারে সবচেয়ে শোচনীয় অবস্থা এই জেলায়। জমা পড়েছে ৭ লক্ষ ৪৭ হাজার ৯২১টি আবেদন, কিন্তু নিষ্পত্তি হয়েছে মাত্র ৫১৪টির!
- মালদহ: জমা পড়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৩৪৫টি আবেদন, যার মধ্যে সমাধান হয়েছে ১,৫১৪টির।
- উত্তর ২৪ পরগনা: ৩ লক্ষ ৫৯ হাজার ৩৭৫টি আবেদন জমা পড়লেও মেটানো গেছে মাত্র ৩০১টি।
- দক্ষিণ ২৪ পরগনা: ৩ লক্ষ ২১ হাজার ৭৫৪টি আবেদনের মধ্যে নিষ্পত্তি হয়েছে ২২ হাজার ৪৯টির।
কমিশন শীর্ষ আদালতকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আবেদন নিষ্পত্তির জন্য অবিলম্বে ট্রাইব্যুনালের সংখ্যা না বাড়ালে নির্দিষ্ট সময়ে ভোটার তালিকার সংশোধনের কাজ শেষ করা আসাম্ভব হয়ে পড়বে।