ইরান বনাম ট্রাম্প: রণক্ষেত্রে কি এবার সরাসরি সংঘাত!
বার্তা ডেস্কঃ
September 28, 202610:30 am
তেহরান: হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যে অশান্তির মেঘ চরম আকার ধারণ করেছে। আমেরিকার সঙ্গে তৈরি হওয়া এই তীব্র উত্তেজনার আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিল ইরান। দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে তার মুখোমুখি হতে তেহরান পুরোপুরি তৈরি। তবে একইসঙ্গে তারা কূটনীতির পথ বন্ধ করছেন না—বল এখন ট্রাম্পের কোর্টেই।
রবিবার এক সাক্ষাৎকারে আরাঘচি সাফ জানান, সামনেই থাকা আমেরিকার মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচন নিয়ে ইরানের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। তেহরানের একমাত্র লক্ষ্য নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করা।
যুদ্ধের প্রস্তুতি বনাম কূটনীতির হাত বাড়ানো ইরানের বিদেশমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা যুদ্ধ পুনরায় শুরু হওয়ার জন্য যেমন সব দিক থেকে প্রস্তুত, তেমনই আলোচনার জন্য আমাদের দরজাও খোলা।” তিনি স্পষ্ট জানান, নতুন করে কোনো আগ্রাসন চালানো হলে ইরান তার কড়া জবাব দেবে—তাতে যদি পরিস্থিতি প্রলয়ঙ্করী যুদ্ধের রূপ নেয়, তবুও পিছিয়ে আসার কোনো প্রশ্ন নেই। তবে শান্তি প্রক্রিয়ার চাবিকাঠি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই রয়েছে।
কাতারের মাধ্যমে পাঠানো প্রস্তাব ও ট্রাম্পের অবস্থান সম্প্রতি কাতারকে মধ্যস্থতাকারী করে ওয়াশিংটনের কাছে ৭ দিনের একটি বিশেষ রোডম্যাপ পাঠিয়েছিল তেহরান। এতে শর্তসাপেক্ষে রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পুনরায় বৈঠক শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছিল।
ট্রাম্প প্রকাশ্যে এই প্রস্তাব ও লড়াই বন্ধের চুক্তি খারিজ করলেও, তেহরান জানিয়েছে তারা এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমেরিকার থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার অপেক্ষায় রয়েছে। আরাঘচি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেহরানের দেওয়া নির্দিষ্ট শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালী খোলার বিষয়টি এগোবে না।
আত্মসমর্পণের দাবি উড়িয়ে বার্তা গত সংঘাতের কথা টেনে এনে আব্বাস আরাঘচি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পূর্বে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তুলেছিলেন। কিন্তু এবারও কোনো সামরিক অভিযান চালিয়ে ইরানকে মাথা নোয়াতে বাধ্য করা যাবে না। পরিস্থিতি যাই হোক না কেন, কূটনীতি ব্যর্থ হলে যুদ্ধের ময়দানেও ইরান নিজেদের অবস্থান ধরে রাখতে প্রস্তুত।